১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ভাড়া বাকি’, বাংলাদেশ জাসদকে অফিস ছাড়ার নোটিস

সাতমাসের ভাড়া দেড় লাখ টাকা এবং সেবা বিল পরিশোধ করে অক্টোবরের মধ্যে অফিস ছাড়তে হবে দলটিকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 04:58 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

দেড় লাখ টাকা ‘বকেয়া ভাড়া’ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘পরামর্শে’ রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ ভবনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিস পেয়েছে বাংলাদেশ জাসদ ।

দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়ার কাছে সোমবার পাঠানো নোটিসে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ‘সাতমাসের ভাড়া দেড় লাখ টাকা এবং সেবা বিল বাবদ ১৫৩০ টাকা পরিশোধ’ করে অক্টোবরের মধ্যে কক্ষ খালি করার কথা বলেন।

এর আগে গত ১৫ অগাস্ট বাংলাদেশ জাসদ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর পালনের কর্মসূচিকে কেন্দ্র করে শিশু কল্যাণ পরিষদ ভবনে দরটির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছিল পুলিশ। সেদিন বিকাল ৫টায় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রেখেছিল বাংলাদেশ জাসদ।

সেই কর্মসূচি পণ্ড হওয়ার তিনদিনের মাথায় এবার কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে দেওয়ার নোটিস পেল দলটি। প্রায় আট বছর ধরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের পঞ্চম তলার ৫১৪ ও ৫১৬ নং কক্ষ ভাড়ায় ব্যবহার করছিল বাংলাদেশ জাসদ।

শরীফ নূরুল আম্বিয়ার কাছে আসা চিঠির একটি কপি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে আসে। পরে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল বলেন, “প্রথমত তারা নিয়মিত ভাড়া পরিশোধ করছে না। আমাদের প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত। তাদের চিকিৎসাও হয় এখানে। এসব কিছু ভাড়ার টাকা দিয়ে যোগান দিতে হয়।

“শিশুদের জন্য পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে ডিএমপি থেকে বলা হয়েছে, এখানে শিশুদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত হচ্ছে না। আরো রাজনৈতিক দল আছে, নাগরিক ঐক্য- তাদেরকেও বলা হয়েছে।”

শিশু কল্যাণ পরিষদের ওই ভবনে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের অফিসও অবস্থিত।  

শরীফ নূরুল আম্বিয়াকে দেওয়া চিঠিতে বলা হয়, “আপনাদের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমগুলোতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে; এর ফলে প্রতিষ্ঠান পরিচালনায় সংকট তৈরি করছে। আপনাদের কর্মকাণ্ডে ঢাকা মহানগর পুলিশ কমিশনার অফিস থেকে মৌখিকভাবে এমন আশঙ্কাই ব্যক্ত করা হয়েছে।

“আমাদের অনুরোধ উক্ত ভাড়াকৃত স্থানটি আগামী দুই মাসের মধ্যে বকেয়া ভাড়া ও সেবা বিল পরিশোধ করে ছেড়ে দিবেন।”

নোটিসের বিষয়ে জানতে শরীফ নূরুল আম্বিয়াকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেন, ‘১৫ অগাস্ট বাংলাদেশ জাসদের কর্মসূচি পণ্ড করেই সরকার নিবৃত্ত হয়নি। সরকার এখন শিশু কল্যাণ পরিষদকে চাপ দিয়ে বাংলাদেশ জাসদ কার্যালয় উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে।”

সরকারের চাপের বিষয়ে জানতে চাইলে পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল বলেন, “আমরা চিঠিতে স্পষ্ট করে কারণ উল্লেখ করেছি।”

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, “বাড়িওয়ালার চিঠি দেওয়ার বিষয়টি শুনেছি। তবে পুলিশের পক্ষ থেকে বাড়িওয়ালাকে কিছু বলা হয়নি। এটা সত্য নয়।”

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচিবাংলাদেশ জাসদ কার্যালয়ে পুলিশ