Published : 03 Aug 2025, 04:26 PM
ঢাকার শাহবাগে ছাত্র সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। তারপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। এসময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে সুর মেলান; ভার্চুয়ালি যুক্ত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তখন দাঁড়িয়ে যান।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদসহ গত ১৬ বছরে নিহত ছাত্রদল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের স্বাগত বক্তব্যে শুরু হয় সমাবেশের কার্যক্রম।
শাহবাগ চত্বর ও তার দুই পাশের সড়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।
ছাত্রদলের এই সমাবেশ করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে এনসিপির অনুরোধে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল।