১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার ‘আপসহীন’ নেতৃত্ব ‘অনুকরণীয়’ হয়ে থাকবে: কামাল হোসেন

“গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 11:05 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরামের এমেরিটাস সভাপতি কামাল হোসেন।

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৪০ দিন ধরে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া মারা গেছেন এদিন ভোরে।

আওয়ামী লীগের হাত ধরে শুরু হওয়া ঘটনাবহুল রাজনৈতিক জীবন থেকে অবসরে যাওয়া কামাল হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

গৃহবধূ থেকে বিএনপির রাজনীতি আসা খালেদা জিয়ার সংগ্রামী জীবন স্মরণ করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তার সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিনজোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

“দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলনে বহুবার কারাবরণ ও অন্যায়ের সঙ্গে আপস না করার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

২০১৮ সালে বিএনপির সঙ্গে জোট বেঁধে নির্বাচন করা গণফোরামের সাবেক সভাপতি কামাল হোসেন বলেন, “বিগত সরকারের সময় তার (খালেদা জিয়া) প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে, তা দেশের মানুষ কখনো গ্রহণ করেনি; বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।”

তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।