রিমান্ড শেষে কারাগারে জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ
শনিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা জানান।
শনিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়।
রিমান্ড শেষে নূর মোহাম্মদকে বুধবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সোহেল সরকার।
অন্যদিকে নূর মোহাম্মদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হোসেন জামিন চেয়ে শুনানি করেন।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে মিছিল বের করে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
“দেশের পরিস্থিতি অস্থির করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা লাঠিসোঁটা ও উসকানিমূলক ব্যানার-প্লাকার্ড নিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটান।”
পরে ঘটনাস্থল থেকে ‘অবিস্ফোরিত ককটেল, উসকানিমূলক ব্যানার, প্ল্যাকার্ড এবং মোবাইল ফোন’ উদ্ধার করার কথা বলা হয়েছে মামলার এজাহারে।
