Published : 21 Feb 2026, 12:07 AM
ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে ‘একুশ অবরুদ্ধ ছিল’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি বলেছেন, “এবার একুশ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম।”
“আজকে একটা নির্বাচনের পরে নির্বাচিত সরকার বিএনপির নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা এটা প্রত্যাশা করছি যে, আমরা জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, বাংলাদেশে সত্যিকার অর্থেই ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।
“একুশের যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা। সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হব। মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করতে সমর্থ হব।”