১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

“এটাকে সেমি হার্ট অ্যাটাক বলতে পারেন। তবে উনি এখন আশঙ্কামুক্ত।”

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না
মাহমুদুর রহমান মান্না

বিডিনিউজ২৪

জেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 12:59 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক সজীব জানিয়েছেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে মান্নার বুকে ব্যথা শুরু হয়। রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

“চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ইসিজি রিপোর্ট ভালো এসেছে, কিন্তু ট্রপোনিন (রক্তে ট্রপোনিন প্রোটিনের মাত্রা) খারাপ এসেছে। এটাকে সেমি হার্ট অ্যাটাক বলতে পারেন। তবে উনি এখন আশঙ্কামুক্ত।”

রাজ্জাক সজীব বলেন, মাহমুদুর রহমান মান্নাকে কমপক্ষে দুইদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিএনপি জোটের দীর্ঘদিনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্না ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জোটের আসন সমঝোতায় বগুড়ার আসনটি বিএনপি তাকে ছেড়ে দিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মান্না এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

২০০৯ সালে আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়লে তিনি ‘নাগরিক ঐক্য’ গঠন করে আহ্বায়কের দায়িত্ব নেন। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে নির্বাচনি জোট জাতীয় ঐক্যফ্রন্টে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

২০২৪ সালের সেপ্টেম্বরে ‘নাগরিক ঐক্য’ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।