Published : 06 Mar 2026, 05:47 PM
দেশে দেশে যুদ্ধ আর আগ্রাসন চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন সিপিবি নেতারা।
সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার সূত্রাপুরের লোহারপুল এলাকায় লাল পতাকার মিছিলপূর্ব সমাবেশে নেতারা একথা বলেন।
সূত্রাপুর থানা কমিটির নেতা জাহিদ হোসেন খানের সভাপতিত্বে এবং থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, ৪৩ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক দীপায়ন হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক ধণেশ চন্দ্র শীল।
সভাপতির বক্তব্যে জাহিদ হোসেন খান বলেন, ৭৮ বছর ধরে এই অঞ্চলের প্রতিটি গণসংগ্রামে কমিউনিস্টরা নেতৃত্ব দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সিপিবি কর্মীরা জেল-জুলুম-অত্যাচার-নিপীড়নের পরেও শাষকশ্রেণির সঙ্গে আপোষ করেনি।

তিনি বলেন, “যুদ্ধ, আগ্রাসন করে মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়। তারা ইরান, ফিলিস্তিন, ভেনিজুয়েলাসহ বিভিন্ন দেশে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, মানুষ হত্যার হোলিখেলায় মেতেছে। এই দানব রুখতে হবে। তাদের দোসর হল করপোরেট হাউজ এবং বড়লোকদের প্রতিনিধি বাংলাদেশর সরকার।”
গোলাম রাব্বী খান বলেন, “আমরা সূত্রাপুর ও বাহাদুর শাহ পার্ক থেকে সব রুটে বিআরটিসি বাস চালু, খাস জমি উদ্ধার করে সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতাল তৈরি, জলাবদ্ধতা-মশা ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলার দাবিতে সংগ্রাম করছি।”
শোষণ-বৈষম্য-মৌলবাদ-জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে জোরদার করার আহ্বান জানান তিনি।
সমব্তে কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্যে দিয়ে সমাবেশের কাজ শেষ করা হয়। এরপর লালপতাকা শোভিত একটি বর্ণাঢ্য মিছিল সূত্রাপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কাঠেরপুলে গিয়ে শেষ হয়।