০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জামায়াত আমিরের

সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের ‘মোবারকবাদ’ জানিয়েছেন শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 05:51 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানিয়েছেন। 

জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে। এবার ভিপি ও জিএসসহ ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে নয়টি জিতে নিয়েছে।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীগণ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন।

“এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্দ্ধে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।”

একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের ‘মোবারকবাদ’ জানিয়েছেন তিনি।

শফিকুর রহমান বলেন, “জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় আমি অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।”

নির্বাচনের দিন দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী মৃত্যুতে শোক প্রকাশ করে ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতের আমির।

ছয় বছর পর মঙ্গলবার ডাকসু নির্বাচনে ভোট হয়েছে উৎসবের আমেজে, শান্তিপূর্ণভাবে; যেখানে প্রায় ৪০ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন।

প্রায় সবকটি হলের ভোটাররা কেন্দ্রীয় ভিপি ও জিএস পদে শিবিরের দুই প্রার্থীকে বিপুল ব্যবধানে এগিয়ে দিয়েছেন। বিশেষ করে মেয়েদের হলগুলোতে শিবিরের প্রার্থীরা পেয়েছেন নজিরবিহীন সমর্থন।

ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৫,৭০৮ ভোট পেয়েছেন।

জিএস পদে ছাত্রশিবিরের এসএম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট।

এজিএস পদে জয়ী হয়েছেন শিবিরের মুহা. মহিউদ্দীন খান। তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।

সেই শিবিরের ডাকসু জয়

একনজরে জাকসু ভোটের তথ্য

এ জয় জুলাই প্রজন্মের: সাদিক কায়েম

ডাকসুতে কোন পদে কে জিতল