১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীর ৭ দিনের রিমান্ড আবেদন

শনিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীর ৭ দিনের রিমান্ড আবেদন
নিশীতা ইকবাল নদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 03:11 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

রোববার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর সঙ্গে আরো চারজন আছে, যাদের পদবি নেই। তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে ’হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন‘ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ ’বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল।”