Published : 31 Jul 2026, 07:08 PM
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় বাঁ চোখে গুরুতর আহত পাওয়া ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আলিফকে দেখতে যান সংসদের বিরোধী দলীয় নেতা।
এ সময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানেন।
আলিফ চৌধুরী এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক এবং হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীদের মারধরে ছাত্রশক্তি নেতা আলিফ বাঁ চোখে মারাত্মক আঘাত পান।
বুধবার আলিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। তবে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা শেষ পর্যন্ত তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে সক্ষম হননি।
হাসপাতালে আলিফকে দেখে সাংবাদিকদের কাছে শফিকুর রহমান হবিগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তোলেন।
তিনি বলেন, “২০২৪ পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না।
“পরিবর্তিত বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক সহিংসতা হওয়া অত্যন্ত হতাশাজনক। আমরা দেখতে চাই, সরকার এ ধরনের ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে।”