১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘নতুন দস্যুবৃত্তি’ শুরু করেছে: ওয়ার্কার্স পার্টি

“মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদার মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর স্বার্থপর ও সুবিধাবাদী আচরণও গ্রহণযোগ্য নয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 09:47 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

যুক্তরাষ্ট্র ও ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর হামলা চালিয়ে ‘নতুন দস্যুবৃত্তি’ শুরু করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

রোববার ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

বিববৃতিতে বলা হয়, “গত দুদিন ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মিথ্যা বয়ান তৈরি করে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি জায়ানবাদ পারস্য উপসাগরে ইরানের ওপর অন্যায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে নতুন দস্যুবৃত্তি শুরু করেছে। 

“মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদার মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর স্বার্থপর ও সুবিধাবাদী আচরণও গ্রহণযোগ্য নয়। ওই সব দেশে মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে ওই দস্যুবৃত্তিকেই সমর্থন দিয়ে চলেছে। মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে তেল সম্পদ নিয়ন্ত্রণ দখল ও সামরিক আধিপত্যের আগ্রাসনের যে নীতি নিয়েছে, তা তৃতীয় বিশ্বযুদ্ধের পথকেই প্রশস্ত করছে।”

ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, “দেশে দেশে রেজিম চেইঞ্জ সার্বভৌমত্বের ওপরও আঘাত, সামরিক খবরদারি গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষ মেনে নেবে না, ক্রমশই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে। এক বিশ্বনীতিতে মার্কিনীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

বিববৃতিতে দেশে দেশে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধবাদী’ নীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয় এবং অবিলম্বে ইরানের ওপর আক্রমণ বন্ধ করার দাবি জানানো হয়।