১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়: জাতীয় পার্টি

“দেশে আজ যারা মব সংস্কৃতির আগুন জ্বালিয়েছে, সেই আগুনে তারাই একদিন ধ্বংস হবে,” বলেন মুজিবুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 01:43 AM

Updated : 10 Sep 2026, 12:43 PM

দলের চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ‘তীব্র প্রতিবাদ ও নিন্দা’ জানিয়েছে জাতীয় পার্টি। 

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, "আবারও প্রমাণ হল, বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়।"

জিএম কাদেরের বাসভবনে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় বিবৃতিতে। 

মহাসচিব বলেন, "জিএম কাদের ও জাতীয় পার্টির ওপর প্রতিটি হামলার জবাব দেশের জনগণ দেবে। আজ যারা দেশে মব সংস্কৃতির আগুন জ্বালিয়েছে, এই আগুনে পুড়ে একদিন তারাই ধ্বংস হবে।"

তিনি বলেন, “জিএম কাদেরের ওপর হামলা হচ্ছে স্বচ্ছ রাজনৈতিক ধারার ওপর সুস্পষ্ট আঘাত।

“হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে জনগণের আদালতে এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।"

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর রংপুর নগরীর সেনপাড়ায় জিএম কাদেরের ’স্কাই ভিউ’ বাসভবনে হামলা হয়। 

নগরীর প্রেস ক্লাবের দিক থেকে মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ জাতীয় পার্টির নেতাদের। 

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। একে ‘ন্যাক্কারজনক’ হিসেবে তুলে ধরেন তিনি।

তবে রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ অভিযোগ অস্বীকার করে উল্টো জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন।