Published : 22 May 2026, 03:31 PM
বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকির পাল্টায় হুঁশিয়ার উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
জামায়াতের উদ্দেশে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মাত্র তিন মাস হইছে রাষ্ট্রের দায়িত্বে আসছেন। এই তিন মাসে অনেক কাজ করার চেষ্টা করছেন। এখন একদল বলে, ‘আন্দোলন করে ফেলা দিব’। আরে ভাই ফেলা দেওয়ার কী হইল? তিন মাস আগে নিরঙ্কুশ ভোট দিয়া তারে ক্ষমতা দিল আর বলে জনগণ নাকি তাদের পক্ষে চলে গেছে।
“দুই-তিন বছর সময় দেন। রুখ জারা। দেখো, মানুষ কী বলে, তারেক সাহেব কতটুকু কী পারে? না পারলে তো পাবলিকই বলবে। আপনারা তো পাবলিক না। আপনারা তো জামাতের লোক। আপনারা তো অমুক দলের ছাত্রদের লোক। পাবলিক কী বলে সেটা শোনেন। আপনাদের চরিত্র একাত্তরে তো মানুষ দেখছে।”
শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির পশুর বর্জ্য অপসারণে পাটের ব্যাগসহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকার পতনের আন্দোলন হলে বিএনপি ঘরে বসে থাকবে না বলে সতর্ক করে ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম বলেন, “দলীয় কর্মী দিয়া আন্দোলন করে আপনি ফেলায় দিবেন। আর বিএনপি কি ঘরে বসে থাকবে?”

তিনি বলেন, “আন্দোলনের কথা বইলা দেশটাকে আর পিছায় দিয়েন না। আসেন মিলেমিশে দেশটাকে চালাই। গণতন্ত্রটাকে রাখার জন্য চেষ্টা করি।
“আজকে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলতেছে। বাংলাদেশ সেটার বাইরে না। কিন্তু আপনারা যদি এখন আবার একটা বিশৃঙ্খলা করেন, দেশটা তো আরো রসাতলে চলে যাবে।”
অন্তর্বর্তী সরকার দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে মন্তব্য করে ডিএসসিসি প্রশাসক বলেন, “১৮ মাসে একেবারে ডুবা দিছে। আমি বলি যে ১৮ বছর পিছায় দিছে বাংলাদেশটা।
“এই যে হামে বাচ্চারা মারা যাচ্ছে। এই দায় কার? ওদের। সেই সময় টিকা আনে নাই। মারা যাচ্ছে। আজকে ঢাকা শহর রিকশায় জ্যাম হয়ে গেছে। হকারে রাস্তা দখল হয়ে গেছে।”
কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “বাড়ির সামনে রোডের মধ্যে যখন কোরবানি দেন; একটা শিশু যখন দেখে জীবন্ত একটা প্রাণীকে আপনি কীভাবে মারতেছেন; সাইকোলজিক্যালি কিন্তু একটা বাচ্চা নিতে পারে না।
“কাজেই আমরা চাই আস্তে আস্তে সেই সিস্টেমটা আনার জন্য যে ঢাকা মহানগরের সারা শহর কোরবানি দেওয়ার নির্দিষ্ট কিছু জায়গায় করা যায় কি না।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন ও ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।