১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রার্থিতা ফেরাতে হাই কোর্টে মনিরা শারমিন

নির্বাচন কমিশন গত ২৩ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করে দেয়, যা আপিলেও ফেরেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 10:35 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্ত দিয়েছে, তার বিরুদ্ধে রিট আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

বৃহস্পতিবার রিট আবেদন করার বিষয়টি তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রোববার তার রিট আবেদনের শুনানি হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোহাম্মদ হোসেন রিট আবেদনের শুনানি করবেন।

গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে যোগ্য নন বলে ইসির তরফে বলা হয়।

২৬ এপ্রিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন তিনি। তবে শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকরি ছাড়েন ২০২৫ সালের ডিসেম্বরে।