১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘বাজেট ও বাণিজ্য’ নিয়ে মতবিনিময়

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে” এই সাক্ষাৎ হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘বাজেট ও বাণিজ্য’ নিয়ে মতবিনিময়
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 02:42 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। 

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে” এই সাক্ষাৎ হয়েছে।

“বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করা হয়।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।

“উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।”

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড।