১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুক্তি কাউন্সিলের প্রথম সম্মেলন: ‘সংস্কারে জনগণের হাতে ক্ষমতা আসবে না’

“জনগণের হাতে ক্ষমতা আনার জন্য রাজনৈতিক অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণে শপথ নিতেই এই সম্মেলন,” বলেন ফয়জুল হাকিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 12:30 AM

Updated : 26 Aug 2026, 02:46 PM

জাতীয় মুক্তি কাউন্সিল প্রথম সম্মেলন করেছে, যে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত বামতাত্ত্বিক বদরুদ্দীন উমর।

শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মেলন উদ্বোধন করে 

দলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, “সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না। 

“জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে সারা দেশে সংগঠন গড়ে তুলতে হবে। জনগণের হাতে ক্ষমতা আনার জন্য রাজনৈতিক অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণে শপথ নিতেই এই সম্মেলন।”

জাতীয় মুক্তি কাউন্সিলের দুইদিনব্যাপী প্রথম জাতীয় সম্মেলনে সাবেক সভাপতি বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতাকর্মীরা। 

শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগ্রাম বিকশিত করতে সংগঠন গড়ে তোলাকে ‘একমাত্র পথ’, বদরুদ্দীন উমরের বলে যাওয়া এ কথা মনে করিয়ে দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফয়জুল হাকিম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সম্মেলনের উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের করেন মুক্তি কাউন্সিলের নেতাকর্মীরা। কয়েকটি সড়ক ঘুরে বিএমএ ভবন মিলনায়তনে এসে শোভাযাত্রা শেষ হয়।

উদ্বোধনী অধিবেশনের আলোচনা পর্বে ফয়জুল হাকিম, সজীব রায় ও ভুলন ভৌমিককে নিয়ে তিনজনের সভাপতিমণ্ডলী গঠন করা হয়।

এই পর্বে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা সজীব রায়, ভুলন ভৌমিক, মজিবর রহমান, কাজী ইকবাল, মিনহাজ আহমেদ, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের আলবার্ট সরেন, ছোটন তনচঙ্গা, বাংলাদেশের সাম্যবাদী দলের সেক্রেটারি আব্দুল হাকিম, বাঙলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক শফী রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।

অধিবেশনে ড. আকমল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর আব্বাস।