১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফখরুলের জন্মদিন কাটছে জন্মভিটায়

“এখনো ক্রিজে আছি; নাউ সেভেনটি নাইন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের লোকজনের সঙ্গে জন্মদিন কাটছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

২৬ জানুয়ারির প্রথম প্রহরে কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সহধর্মিনী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের নিয়ে তিনি কেক কেটেছেন।

যোগাযোগ করা হলে ফখরুল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বললেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচন । সেজন্য ঠাকুরগাঁওয়ে আছি প্রচার-প্রচারণায়। এখনো ক্রিজে আছি; নাউ সেভেনটি নাইন ।

“দোয়া করবেন। শেষ সময় পর্যন্ত যেন এলাকার মানুষের সেবা করতে পারি, যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি ।”

১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্ম ফখরুলের।

বয়স কত হল, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন , “৭৯-তে পা দিলাম। একটা বড় পথ অতিক্রম করেছি।”

 ‘সজ্জন’হিসেবে পরিচিত মির্জা ফখরুল বলেন, “আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমার চাওয়া একটাই—দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্রের পরিবেশ; যেন মানুষ বসবাস করতে পারে নিশ্চিন্তে নির্বিঘ্নে।”

তিনি বলেন, “১৫ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও ’২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে সুযোগ এসেছে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কল্যাণমুখী আগামীর বাংলাদেশ হবে। আমি বিশ্বাস করতে চাই, আগামী দিনে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ফখরুল ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি।

ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি। সরকারি চাকরি ছেড়ে আশির দশকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন ফখরুল।

২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চার দলীয় জোট সরকারের বেসামরিক বিমান চলাচল ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব হওয়ার আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন ফখরুল। এই পদটি সৃষ্টি করা হয়েছিল তারেক রহমানের জন্য। তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হওয়ার পর ওই পদে মির্জা ফখরুলকে আনেন তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।