১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলিফ লাইলা-১৭: যত দোষ সান্ধ্য কোর্স?

শিশির ভট্টাচার্য্য শিশির ভট্টাচার্য্য

Published : 29 Dec 2019, 04:21 PM

Updated : 01 Jul 2022, 05:37 PM

[পূর্বকথা: তথাকথিত চরিত্রহীনা এক বেগমের পরকীয়ার যারপরনাই নারাজ হয়ে হিন্দুস্তানের বদমেজাজি বাদশাহ শাহরিয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রতি রাতে তিনি এক যুবতীকে নিকাহ-এ-মুতা করবেন এবং ভোর হলেই কতল করবেন এক রাতের সেই বেগমকে। কয়েক বৎসরে শত শত যুবতী বেঘোরে ইন্তেকাল ফরমালে ক্ষুরধার বুদ্ধিমতী উজিরকন্যা শেহেরজাদি করুণাপরবশ হয়ে বোন দিনারজাদির সঙ্গে সল্লা করে নিজে থেকেই বাদশা শাহরিয়ারকে নিকাহ করেন। জীবনের শেষ রাতে শেহেরজাদির আবদার রাখতে বাসরঘরে ডেকে আনা হয় সুন্দরী শ্যালিকা দিনারজাদিকে। রাত গভীর হলে পূর্বপরিকল্পনামাফিক দিনারজাদি শেহেরজাদিকে একেকটি সওয়াল পুছতে থাকেন এবং শেহেরজাদিও কালবিলম্ব না করে একের পর এক জওয়াব দিতে শুরু করেন, কিন্তু ভোরের আজান হওয়া মাত্র জওয়াব বন্ধ করে শুয়ে পড়েন। বাদশাহ যেহেতু এই সওয়াল-জওয়াবে ঋদ্ধ হচ্ছিলেন সেহেতু সপ্তদশ দিন ধরে মৃত্যুদণ্ড বাতিল হতে থাকে শেহেরজাদির। আজ সেই সওয়াল-জওয়াবের অষ্টাদশ রাত্রি]

'দিদি, সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য সান্ধ্যকালীন কোর্স না রাখার পক্ষে মত প্রকাশ করেছেন তার সমাবর্তন বক্তৃতায়। 'বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।' সঙ্গে সঙ্গে মঞ্জুরি কমিশন 'সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা বাঞ্ছনীয়' ইত্যাদি নির্দেশ দিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে। তোমার কি মনে হয়, দিদি, সব সান্ধ্যকোর্স বন্ধ করে দেয়া কি উচিৎ হবে?'

'সান্ধ্যকোর্স বন্ধ করার সপক্ষের লোকজন কী কী যুক্তি দিচ্ছে, দিনারজাদি?' হাই তুলে চোখ কচলাতে কচলাতে জিগ্যেস করে শেহেরজাদি। দৃশ্যত সতেরো রাত ধরে ঠিকমতো না ঘুমিয়ে ভগ্নী দিনারজাদির প্রশ্নের উত্তর দিতে দিতে এক রাতের বেগম শেহেরজাদি ক্লান্ত।

'সান্ধ্যকোর্সের বিপক্ষে আছে প্রধানত বাম ঘরানারা শিক্ষার্থীরা। তাদের প্রথম যুক্তি হচ্ছে, সান্ধ্যকোর্সের কারণে দিবাকোর্সের ক্ষতি হচ্ছে। শিক্ষকেরা ঠিকঠাকমতো ক্লাস নিচ্ছেন না। ফলপ্রকাশে বিলম্ব হচ্ছে। দ্বিতীয় যুক্তি হচ্ছে, সান্ধ্যকোর্সের বাণিজ্যিকীকরণ হচ্ছে। সান্ধ্যকোর্স পড়িয়ে শিক্ষকেরা ফোকটে টুপাইস কামিয়ে নিচ্ছেন। তৃতীয় যুক্তি হচ্ছে, সান্ধ্যকোর্সের গ্র্যাজুয়েটরা দিবাকোর্সের গ্র্যাজুয়েটদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হবে চাকুরির বাজারে।

'সান্ধ্যকোর্সের পক্ষে আছেন যে শিক্ষকেরা, তারা কীভাবে এই অভিযোগগুলো খণ্ডন করছেন?' প্রশ্ন করে শেহেরজাদি।

'তারা বলছেন, অভিযোগগুলো মিথ্যা। প্রথমত, যেসব বিভাগে সান্ধ্যকোর্স নেই, সেসব বিভাগেই সাধারণত ফল প্রকাশে বিলম্ব হয়। দ্বিতীয়ত, একেক জন শিক্ষক একেকটা কোর্স থেকে প্রতি সেমিস্টারে (৬ মাসে এক সেমিস্টার) লাখ খানেক টাকা যদি পেয়ে থাকেন, তবে প্রতি মাসে পাচ্ছেন ২০ হাজার টাকা। নিয়ম করে দেওয়া হয়েছে, কোনো শিক্ষক বছরে সর্বোচ্চ তিনটি কোর্স পড়াতে পারবেন। শিক্ষকেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়ান, তবে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াবেন। বাইরে পড়ানো বন্ধ হবে না, শুধু বঞ্চিত হবে পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রেও অবশ্য নিয়ম আছে: দুইটির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অনুমতি দেওয়া হয় না।

সান্ধ্যকোর্সের গ্র্যাজুয়েটদের বেশিরভাগ ইতিমধ্যেই চাকুরিরত। সুতরাং দিবাকোর্সের গ্র্যাজুয়েটদের সঙ্গে তাদের প্রতিযোগিতার প্রশ্নই আসে না। আর প্রতিযোগিতায় ভয় পেলে চলবে কেন? এটা ঠিক যে চাকরির বাজার বিয়ের বাজারের মতো নয়। এখানে অভিজ্ঞতাসম্পন্নদের দাম এখানে আনকোরা নতুনদের চেয়ে বেশি। কিন্তু যারা সারাদিন চাকরি করেও একটা ডিগ্রি নেবার মতো পরিশ্রম করার ক্ষমতা রাখে তাদের বাধা দিয়ে থামিয়ে রাখা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ হলে তারা অন্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়বে। আর বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে চাকরি পাবার দিন শেষ হয়ে এলো বলে।

সান্ধ্যকোর্সের বাণিজ্যিকীকরণের অভিযোগ অনেকটা ভর্তিপরীক্ষায় শিক্ষকদের আয়-সংক্রান্ত গুজবের মতো। বাংলাদেশের বুদ্ধিজীবীরা মনে করেন, ভর্তি পরীক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা লক্ষ লক্ষ টাকা আয় করেন। প্রকৃতপক্ষে যেসব শিক্ষক ভর্তি পরীক্ষার ডিউটি করেন, তারা প্রতি পরীক্ষায় মাত্র ২ হাজার টাকা আয় করেন এবং পরীক্ষা হয় প্রতি বছর ৪/৫টি। যে অল্প কয়েকজন শিক্ষক ভর্তি পরীক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত তারা কয়েক মাসের পরিশ্রমের বিনিময়ে লাখখানেক টাকা পেলেও পেতে পারেন।

একেক জন শিক্ষক প্রতি মাসে যদি নিজের যোগ্যতা ও শ্রমের বিনিময়ে দুটি কোর্স থেকে হাজার চল্লিশেক টাকা আয় করেন, সেটা কি খুব বেশি? প্রশাসনে কর্মরত ব্যক্তিদের বিবিধ উপরি আয় ও গোপন দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থ কিংবা ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের বিপুল আয়ের সঙ্গে তুলনা করলে শিক্ষকদের এই আয় অকিঞ্চিৎকর। তদুপরি শিক্ষকদের এই আয় নিজেদের ঘর্মজাত এবং শতভাগ হালাল।

তৃতীয়ত, সান্ধ্যকোর্স কি আজকের দাবি? ঊনসত্তর সাল থেকে শিক্ষার্থীরা সান্ধ্যকোর্সের দাবি করে আসছেন। সান্ধ্যকোর্সের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিকা মারার কথা এখনও স্মরণ করতে পারেন অনেকে। মহামান্য রাষ্ট্রপতির মনে পড়তেও পারে। আজ এত বছর পর, শিক্ষার্থীরা এবং সমাজের একটি অংশ সান্ধ্যকোর্সের বিরুদ্ধে সোচ্চার কেন?

চতুর্থত, আজ থেকে প্রায় এক দশক আগে, বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছিল, স্বনির্ভর হতে। স্বনির্ভর হতে গেলে বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি রাস্তা খোলা ছিল: ১. ছাত্রবেতন বৃদ্ধি করা এবং/অথবা ২. সান্ধ্যকালীন বা সপ্তাহান্তের কোর্স চালু করা। ছাত্রবেতন বৃদ্ধি করা সম্ভব নয়, কারণ তা করা হলে শিক্ষার্থীরা আন্দোলন করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলবে। তাদেরও যুক্তি আছে। জনকল্যাণকামী দেশে শিক্ষা কেন টাকা দিয়ে কিনতে হবে? জনগণকে শিক্ষিত করে তোলার দায়িত্ব সরকারের। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষা অবশ্যই 'নামমাত্র মূল্যে বিতরণ' করতে হবে।

অনন্যোপায় হয়ে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রাস্তাটি বেছে নিয়েছিল, শুরু হয়েছিল সান্ধ্যকালীন কোর্স। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে কিংবা বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স নেই। যেসব বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে অবস্থিত, সেখানে সান্ধ্যকোর্স পড়ানোর সুযোগই নেই। আঙ্গুরফল টক! যে শিক্ষকদের সান্ধ্যকোর্স পড়ানোর সুযোগ নেই, কিংবা যে সব শিক্ষক আর্থিকভাবে সচ্ছল, সান্ধ্যকোর্স পড়ানোর প্রয়োজন নেই, তারাই মূলত সান্ধ্যকোর্সের বিপক্ষে।

'সান্ধ্যকোর্সের ইতিবাচক দিকগুলো নিয়ে শিক্ষকেরা কী বলছেন দিনারজাদি? '

'ওরা বলছেন, সান্ধ্যকোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ের আয়ের অন্যতম উৎস। সান্ধ্যকালীন কোর্স কিংবা কারিকুলামের অতিরিক্ত কোর্স থেকে যে আয় হয়, তার ৩০% ভাগ যায় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে। কোর্স সমন্বয়কারী ৫%, ইনস্টিটিউটের পরিচালক কিংবা বিভাগের চেয়ারম্যান ৫%, কোর্স পরিচালনার জন্যে কর্মকর্তা-কর্মচারীরা পান ৫% বিভাগ বা ইনস্টিটিউটের উন্নয়ন খাতে যায় ১০%, এবং বাকি ৪৫% পান সংশ্লিষ্ট শিক্ষক। বিভাগ ও ইনস্টিটিউটভেদে এই হার সামান্য কমবেশি হতে পারে, তবে বিশ্ববিদ্যালয়ের ওভারহেড ও উন্নয়নখাতে অর্থের পরিমাণ একই থাকে। সুতরাং কোনো কোর্সে যদি ১ লক্ষ টাকা টিউশন ফি পাওয়া যায়, ৩০,০০০ টাকা যায় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে, পরিচালক এবং কোর্স সমন্বয়কারী প্রত্যেকে ৫,০০০ টাকা করে পান, শিক্ষক পান ৪৫,০০০ টাকা। একেকটি কোর্স ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া পর্যন্ত ৬ মাসের মতো লাগে এবং আগেই বলেছি, কোনো শিক্ষকই প্রতি শিক্ষাবর্ষে তিনটির বেশি কোর্স পড়াতে পারেন না নিজের বিভাগে বা ইনস্টিটিউটে। অনেক ক্ষেত্রে ৩টি কোর্স পড়ানোর মতো শিক্ষার্থী ভর্তিও হয় না।

বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলোর পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের মূল উৎস সান্ধ্যকোর্স থেকে প্রাপ্ত অর্থ। আধুনিক ভাষা ইনস্টিটিউটের কথাই ধরা যাক। প্রতি মাসে ইনস্টিটিউটের পরিচালনা ও উন্নয়ন খাতে গড়ে লাখ তিনেক টাকার কম খরচ হয় না। ইনস্টিটিউটের প্রতিষ্ঠার বছর অর্থাৎ ১৯৭৪ সাল থেকে নতুন কোনো কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি করা হয়নি, কিন্তু গত ৪৫ বছরে এক তলা ইনস্টিটিউট ৪ তলা হয়েছে। সুতরাং অতিরিক্ত কর্মচারী নিয়োগ দেওয়া অপরিহার্য এবং তাদের পারিশ্রমিক ইনস্টিটিউট থেকেই দেওয়া হয়। প্রায় প্রতি সপ্তাহে সেমিনার, বিভিন্ন ভাষাপ্রোগ্রামের অনুষ্ঠান, প্রকাশনা, বিভিন্ন উৎসব, দুস্থ শিক্ষার্থীদের অর্থসাহায্য, লাইব্রেরির পুস্তক ও লিসেনিং সেন্টারের যন্ত্রপাতি ক্রয়, অতিথি আপ্যায়ন, বিভিন্ন সভা পরিচালনার খরচ, ইনস্টিটিউটের ভিতরে-বাইরে মেরামত-রঙ-কসমেটিক পরিবর্তন ইত্যাদিতে প্রচুর খরচ হয়। বিশ্ববিদ্যালয় থেকে হয়তো লাখ খানেক টাকা পাওয়া যায় প্রতি অর্থবছরে, যা দিয়ে ইনস্টিটিউট পরিচালনা করা অসম্ভব না হলেও কঠিন। তুমি সহ সবাইকে মনে করিয়ে দিচ্ছি দিদি, টাকার যে অঙ্কগুলো বললাম, সেগুলো কমবেশি হতে পারে। চাঁদ দেখাচ্ছি, চাঁদের দিকে তাকাও, আমার আঙ্গুল মোটা কি চিকন সে বিচার করতে যেও না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা দেওয়া যায় জীবনে মাত্র একবার। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না কিংবা যারা পছন্দমতো কোর্সে ভর্তি হতে পারে না, তাদের অনেকেই সান্ধ্যকোর্সে ভর্তি হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠাই হয়েছিল সান্ধ্যকালীন কোর্সের জন্যে। যারা সারাদিন কাজ করে তারা বিকালে বা সন্ধ্যায় ভাষা শিখতে আসে। আমরা কোন যুক্তিতে জনগণের কর্মরত অংশকে শিক্ষা থেকে বঞ্চিত করবো? একজন শিক্ষার্থী তার পছন্দমতো বিষয়ে সুযোগ না পেয়ে ধরা যাক, পালি ভাষায় ভর্তি হয়েছে। এই ছাত্র যদি বাজারে কাজের সুযোগ সৃষ্টি করে, এমন কোনো বিষয়, যেমন ব্যবসায় প্রশাসনে ভর্তি হতে চায়, তবে তাকে বাধা দেওয়া হবে কোন যুক্তিতে? পৃথিবীর যেকোনো সভ্য দেশের বিশ্ববিদ্যালয়েই যেকোনো শিক্ষার্থী একাধিক বিষয় পড়তে পারে।

এমন অনেক বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যেমন অপরাধবিজ্ঞান, যোগাযোগ-বৈকল্য কিংবা দুর্যোগ-ব্যবস্থাপনা, যেগুলো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। দুর্ভাগ্যজনক হলেও এ কথা সত্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুখ্য লক্ষ্য শিক্ষা নয়, মুনাফা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্রেফ সেই বিষয়গুলোই পড়ানো হয় বাজারে যেগুলোর তীব্র চাহিদা আছে। অথচ শিক্ষিত ও ওয়াকেবহাল সমাজ গঠনের ক্ষেত্রে বাজারে তেমন চাহিদা নেই – এমন বিষয়ে জ্ঞান অর্জনের গুরুত্ব অস্বীকার করা যাবে না। পুলিশ বিভাগের কর্মরত একজন ব্যক্তি অপরাধ-বিজ্ঞানে একটি ডিগ্রি বা ডিপ্লোমা নিতে চাইতেই পারেন। বিদেশে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করতে ইচ্ছুক একজন সেনা কর্মকর্তার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে লেখাপড়া করার ইচ্ছা কিংবা প্রয়োজন হতেই পারে। লাইব্রেরিয়ান হিসেবে কাজ করতে ইচ্ছুক, এমন একজন ব্যক্তির কাছে পাঠাগার-ব্যবস্থাপনার ডিগ্রি অপরিহার্য হয়ে ওঠা অসম্ভব কি? একজন ডাক্তারের প্রয়োজন হতে পারে স্পিচথেরাপি বিষয়ে একটি ডিগ্রি নেবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সান্ধ্যকোর্সে এ ধরনের বহু বিচিত্র বিষয়ে পাঠ দেওয়া হয়। জনগণকে শিক্ষিত ও পেশাদার করে তোলার ক্ষেত্রে সান্ধ্যকোর্সের বিকল্প আপাতত নেই।'

'শিক্ষকদের কথায় যুক্তি আছে দিনারজাদি। সবার জন্যে সব ধরনের শিক্ষা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। যে যার পছন্দ ও প্রয়োজনমতো বিষয় বেছে নেবে। পাশ্চাত্যে যেকোনো বয়সের লোক তার পছন্দ ও প্রয়োজনমতো বিশ্ববিদ্যালয়ে এসে পাঠ গ্রহণ করে। পাশ করে যারা একবার চলে যায়, তারাও জীবনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। জ্ঞান চিরপরিবর্তনশীল। আজ যা জানলাম, কালই তা ভুল প্রমাণিত হতে পারে। তথ্য ও বিশ্লেষণের দিক থেকে আপ-টু-ডেট থাকতে হলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার বিকল্প নেই। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শুধু নাবালকদেরই প্রবেশাধিকার আছে। সাবালকদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার দিতে রাষ্ট্র ও সমাজ রাজি নয়। নীতিনির্ধারকেরা যেহেতু কলেজ চেনেন, বিশ্ববিদ্যালয় চেনেন না, কলেজকেন্দ্রিক চিন্তাভাবনাতেই তারা অভ্যস্ত। কলেজের কাজ প্রধানত নাবালক পড়ানো, বিশ্ববিদ্যালয়ের কাজ প্রধানত সাবালক পড়ানো।

সমাজের সাবালকেরা তাদের অভিজ্ঞতা দিয়ে যেভাবে শিক্ষকদের ঋদ্ধ করতে সক্ষম, নাবালকদের পক্ষে সেটা সম্ভব নয়। একজন শিক্ষকের সাধারণত শুধু তাত্ত্বিক জ্ঞান থাকে। সান্ধ্য বা স্বল্পকালীন কোর্সের শিক্ষার্থীরা জীবনের সাত ঘাটে বহু স্বাদের জল খাওয়ার অভিজ্ঞতা অর্জন করে বিশ্ববিদ্যালয়ের ফিরে আসেন। তাদের অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিজেদেও জ্ঞান ঝালাই ও নবায়ন করে নেবার বহু সুযোগ থাকে। এই জ্ঞান দিবাকোর্সের শিক্ষার্থীদেরকেও ঋদ্ধ করার কথা। সুতরাং বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে 'বিশ্ব বিদ্যার আলয়' হয়ে ওঠার ক্ষেত্রে সান্ধ্যকোর্সের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রিয় দিনারজাদি, সান্ধ্যকোর্স জীবনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাড়িসূত্র। এই সূত্র ছিঁড়ে গেলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জীবনের যোগসূত্র ছিন্ন হবে। বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, জীবনের সঙ্গে সম্পর্কহীন শিক্ষা পঙ্গু।

'তবে একটা কথা, দিদি। একজন শিক্ষকের স্বরতন্ত্রীর কম্পন-ক্ষমতারও তো একটা সীমা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এক বা একাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফুলটাইম, যদিও তারা কাগজে-কলমে অনুমতি নেয় পার্টটাইমের। পরকীয়ারত স্বামী বা স্ত্রীর মতো এরা কি নিজের পরিবারকে ফাঁকি দিচ্ছে না?'

'ব্যতিক্রমতো থাকবেই দিনারজাদি। যারা আগুন খাবে, তারা আঙরা হাগবে। তাই বলে চোরের ভয়ে তুমি থালা বাদ দিয়ে মাটিতে ভাত খাবে?'

'দিদি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে কলেজের শিক্ষকের একটা বড় পার্থক্য আছে। আশা করা হয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষক গবেষণা করবেন, জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন সাম্প্রতিক অগ্রগতি সম্পর্ক সমাজকে অবহিত করবেন, সমাজপতি ও রাষ্ট্রপরিচালকদের নিত্যনতুন ভুলত্রুটিগুলো জনসমক্ষে তুলে ধরে রাষ্ট্রপরিচালনায় ও সমাজের অগ্রগতিতে ভুমিকা রাখবেন। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যদি অর্থলোভে দিনরাত এখানে ওখানে পড়াতে থাকেন, তবে তার পাঠদানের ক্ষমতা ও মানই শুধু কমবে না, তিনি একান্ত ব্যক্তিগত পড়াশোনা এবং গবেষণার জন্যে সময়ই বের করতে পারবেন না। শিক্ষকদের মনে রাখতে হবে, দিদি, যে দিনে মাত্র চব্বিশ ঘণ্টা এবং ৮ ঘণ্টা ঘুমের সময় বাদ দিলে খুব বেশি হলে ১৬ ঘণ্টা তিনি পড়ানোর নামে ধান্দাবাজি করতে পারবেন। পরিবার ও নিজেকে কিছু সময় দেবার কথা না হয় বাদ দিলাম।

'প্রিয় দিনারজাদি! জীবনে অধিকতর স্বাচ্ছন্দ্য আনা কিংবা ভবিষ্যতে অধিকতর নিরাপত্তা পাবার উদ্দেশ্যে মানুষ মাত্রেই অধিকতর আয় করতে চায়। পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষদের আদর্শ শিক্ষক মনে করার একটা সংস্কার বা কুসংস্কার বাংলাদেশে চালু আছে। সে যুগের শিক্ষকদের অধিকাংশ আদর্শ শিক্ষক হতে উঠতে পারতেন, কারণ সমাজ ও রাষ্ট্র তাদের আর্থিক সঙ্গতির ব্যবস্থা করতো। অভাবে স্বভাব খারাপ হয়। পঞ্চাশের দশকে বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক, ধরা যাক, কাজী মোতাহার হোসেন মাসে ৩০০ টাকা বেতন পেতেন। এই টাকা দিয়ে তিনি ৬ ভরি স্বর্ণ কিনতে পারতেন। এখন একজন প্রভাষক, ধরা যাক, ৩০,০০০ টাকা বেতন পান। এই টাকা দিয়ে তিনি অর্ধভরি স্বর্ণ কিনতে পারেন। এর মানে কি? ৭০ বছর পর, যখন নাকি বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, তখন একজন প্রভাষককে প্রতি মাসে ১২ গুণ কম বেতন দেয়া হচ্ছে। প্রতি মাসে একজন প্রভাষককে ১২ গুণ ঠকানো হচ্ছে। যদি উপযুক্ত বেতন দেওয়া হতো, তবে একজন প্রভাষকের বেতন হতো ৩০,০০০ গুণ ১২ = ৩,৬০,০০০ টাকা বা ৪৫০০ ডলার যা আমেরিকা-কানাডায় প্রভাষকের বেতনের অর্ধেকের চেয়ে কিছুটা বেশি। এখন যেখানে ৮ম বেতন কাঠামো চলছে, সেখানে হয়তো ২০তম বেতন কাঠামো হওয়া উচিত ছিল। ইচ্ছে করেই হোক বা নিজের অজান্তেই হোক, রাষ্ট্র ১২টি বেতন কাঠামোর ট্রেন মিস করেছে। রাষ্ট্র ১২ গুণ ঠকিয়েছে ব্যক্তিকে, যদিও সরকার-প্রধান দাবি করেন এবং জনগণের একটি অংশ বিশ্বাস করতে শুরু করেছে, বাংলাদেশে আহামরি বেতন দেওয়া হচ্ছে সবাইকে।

অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের উচ্চ মাধ্যমিক পাশ মাতামহ রেঙ্গুনে পোস্ট মাস্টারের কাজ করে সংসার খরচ চালিয়ে একটা বাড়ি করে যেতে পেরেছিলেন চট্টগ্রামে নিজগ্রাম কুমিরায় (যেটি অবশ্য ১৯৭১ সালে পুড়িয়ে ছাই করে দিয়েছিল পাকবাহিনী)। নিজের পাঠ্য বিষয়ে যত ডিগ্রি নেওয়া সম্ভব, সব ওনার আছে। ৩০ বছর ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেও ওনার নিজের এবং ওনার অনেক সহকর্মীর একটি থাকার জায়গা কেন নেই, যখন কিনা ওনার আমলা, বিচারক, সেনাকর্মকর্তা বন্ধুদের বেশিরভাগের, যারা প্রায় কেউই ওনার মতো ডিগ্রিধারী নন, নিজের বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট আছে। উল্লেখ্য যে, শিশির ভট্টাচার্য্যের পিতামহ ছিলেন স্কুলমাস্টার এবং তিনিও কোনো বাড়ি করে যেতে পারেননি। একজন শিক্ষকের ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাসের অবতারণা করার একমাত্র উদ্দেশ্য, এই একটি ব্যাপারে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা যে শুভঙ্করের একটা ফাঁকি কোথাও না কোথাও আছেই।

বাংলাদেশের সরকার বা প্রশাসন যারা চালান তাদের ব্যয়ের তুলনায় আয় সীমাহীন বলে তারা মনে করেন, দেশে কারও কোনো অর্থকষ্ট নেই। মন্ত্রী-আমলারা জনগণের টাকায় সর্বাধুনিক গাড়িতে চড়েন এবং এদিক ওদিক যাবার সময় তাদের বাবার রাস্তা খালি করে দেওয়া হয় বলে তারা বিশ্বাস করেন, দেশের যোগাযোগ ব্যবস্থা চমৎকার, কারও কোনো পথকষ্ট নেই। অসুস্থ হলে রাষ্ট্রপতি-শিল্পপতিরা বিদেশে চিকিৎসা নিতে পারেন বলে তারা বিশ্বাস করতে শুরু করেন, আমজনতাও তাদের মতো সুচিকিৎসা পাচ্ছে। পরের ধনে পোদ্দারী করলে যা হয় আর কী! 'যত দিন ভবে না হবে, না হবে তোমার অবস্থা আমার সম। ইষৎ হাসিবে, শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম!' যতদিন (রবীন্দ্রনাথের ভাষায়) দুর্ভাগ্যে-অপমানে আমাদের সমান তুমি না হবে, ততদিন তোমাকে বোঝায় কার সাধ্য! সাত মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। হায়! তুমিও বাসে-ফুটপাতে চলবে না, মেডিকেলের আউটডোরে চিকিৎসা নেবে না, তোমার ছেলেমেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে না, আমার দুঃখের রজনীও শেষ হবে না।

পাশ্চাত্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক সপ্তাহে ৬ ঘন্টার বেশি পড়ান না। বছরে সর্বোচ্চ ৮ মাস পড়ান তিনি, কারণ তার অন্য কাজ আছে– পড়াশোনা, গবেষণা, লেখালেখি আছে। শুনেছি, বাংলাদেশে শিক্ষকদের বেতন ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক কম। একদিকে আমরা শিক্ষকদের প্রতিমাসে ১২ গুণ কম বেতন দিচ্ছি, অন্যদিকে অনন্যোপায় হয়ে কোনো কোনো শিক্ষক যখন কিছু অতিরিক্ত আয়ের ব্যবস্থা করছেন, তাকে আমরা নীতিহীন বলছি, যেন রাজনীতিবিদসহ বাংলাদেশের আর সব পেশার লোক একেকজন নীতির ধোয়া তুলসীপাতা। পঞ্চাশের দশকে এক জন প্রভাষক মাসের খরচ করেও বেতনের টাকা থেকে জমিয়ে ধানমন্ডিতে জমি কিনতে পারতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষকের সংসারই চলবে না, যদি সে সান্ধ্যকোর্স কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে না পড়ায়। রাষ্ট্র একবার শিক্ষকদের পাশ্চাত্যের মতো বেতন দিয়ে দেখুক, তারা অতিরিক্ত পড়ায় কিনা বা গবেষণায় মনোযোগী হয় কিনা। রাষ্ট্র শিক্ষককে শুধু নয়, সব পেশার লোককে ঠকাচ্ছে। শিক্ষক এখানে উদাহরণ মাত্র। বাংলাদেশের পেটি দুর্নীতির অন্যতম উৎস আমার মতে প্রবঞ্চনামুখী বেতন-কাঠামো। বড় দুর্নীতি অবশ্যই দেশের ও সমাজের ক্ষতি করে, কিন্তু পেটি দুর্নীতি সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করে দেয়। সব দেশে বড় দুর্নীতি আছে, কিন্তু সভ্য দেশে সাধারণত পেটি দুর্নীতি থাকে না। খুব কম সভ্য দেশেই পোস্টঅফিসের পিয়ন বকশিশের আশা করে!

বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের লজেন্স খাবার বেতন দিয়ে মধ্যবিত্তকে দুর্বল করে রাখা হয়েছে, যখন কিনা ব্যবসায়ী-আমলা-বিচারক সবারই উপরি আয়ের সুযোগ আছে। শিক্ষকের, তাও কোনো কোনো শিক্ষকের, সান্ধ্যকোর্স ছাড়া অতিরিক্ত আয়ের কোনো সুযোগই নেই। একজন অবসরপ্রাপ্ত আমলা আর একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের আর্থিক অবস্থার তুলনা করলেইতো পরিষ্কার হয়ে যাবে কে কত টুপাইস কামিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষে কোচিং সেন্টারে ব্যাচ পড়ানো কি সম্ভব না শোভন? রাষ্ট্র ব্যক্তিকে উপযুক্ত বেতন দিলে ব্যক্তি ও তার পরিবার উপযুক্ত খাবার-পোশাক পেতো, কোথাও বেড়াতে যেতে পারতো, লেখাপড়া ও গবেষণায় মন দিতে পারতো। যেতে পারতো ছুটিতে, কনফারেন্সে। মা-বাবাকে ধান্ধার পেছনে ছুটতে হতো না বলে তারা সন্তানকে অধিক সময় দিতে পারতো। আচ্ছা, বেতন যদি ১২গুণ বেশি হয়, তবে চালের কেজি ১০০ টাকা হলেই বা কী! চালের দাম বেশি হলে কৃষক কিংবা কৃষিখাত কি অধিকতর উপকৃত হয় না? পর্যটন, শিল্প থেকে শুরু করে সব খাতেরই কি উন্নয়ন হয় না? তাছাড়া আয় বেশি হলে, আয়করও বেশি হবে। সরকারের টাকা সরকারের কাছেই ফেরত আসবে, মাঝে দশ হাত ঘুরে পুঁজির পরিমাণ যাবে বেড়ে।

বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ সমাজের সর্বস্তরের উন্নয়ন পিছিয়ে থাকার অন্যতম কারণ সম্ভবত এর প্রবঞ্চনামূলক বেতন কাঠামো। এটা সমাজের সর্বব্যাপী দুর্নীতিরও অন্যতম উৎস। বলা বাহুল্য, দুর্নীতি থেকে আয়কর আসে না, বেতন থেকে আসে। 'সম্ভবত' বললাম, দিনারজাদি এ কারণে যে আমি অর্থনীতির প্রাক্তন ছাত্র হলেও বিশেষজ্ঞ নই। উপরি আয় নেই বলে আজ একজন যুবক বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের চাকুরি ছেড়ে কাস্টমসের চাকুরিতে যোগ দেয়। উপযুক্ত বেতন দেয়া হলে, প্রতিভাবানেরা নতজানু পরিবেশে প্রশাসনিক ক্যাডারের ফালতু কাজে তাদের প্রতিভা ও জীবন নষ্ট না করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যার্জনে ও বিদ্যাদানে মনোনিবেশ করতে পারতো।

রাষ্ট্রের টাকা নেই– এ দাবি করা যাবে না। আজ থেকে দশ বছর আগেও এতগুলো ফোন-কোম্পানি থেকে এত কোটি কোটি টাকা কর পেতো না সরকার। আয়কর ছিল নামমাত্র। এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি ডলার হ্যাক হয়ে গেলেও ব্যাংকের গভর্নর কিংবা সরকারের টনক নড়ে না। ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেলে যে রাষ্ট্রেও অর্থমন্ত্রী বলেন: 'এটা কোনো টাকাই নয়!' সে রাষ্ট্রের টাকা নেই– এটা পাগলেও বিশ্বাস করবে না। আমি বলি কী, দিনারজাদি, রিজার্ভ যদি রাষ্ট্রের থাকে, তবে তা খরচ করতে হবে। ধন গোবরের মতো, খেতে ছড়িয়ে দিলে ফসল হয়, এক জায়গায় জমা করে রাখলে দুর্গন্ধ বের হয়। অপেশাদার ও অপরিণামদর্শী নীতিনির্ধারকেরা ব্যক্তিকে ঠকাচ্ছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে ঠকছে পুরো সমাজ, ব্যহত হচ্ছে দেশের উন্নয়ন।

সান্ধ্যকোর্স বন্ধ করার সপক্ষে বার বার ধুয়া তুলছে যে মহলটি সেটির অবস্থান মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সপক্ষেই যায়। রাষ্ট্রপতির বক্তব্যও প্রকারান্তরে সেই অবস্থানকে সমর্থন করছে, যা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের একটি মহলের অন্যতম লক্ষ্য, যেনতেন প্রকারে পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষতঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতন, যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাধীন বাংলাদেশের নাড়ির সম্পর্ক।এর বিপরীতে তারা চায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 'তরিক্কি' (তাদের অনেকের প্রাণের ভাষা উর্দুতেই বললাম)! আয়রনি বা কূটাভাষ হচ্ছে, আলোচনার উজানে বলেছি, প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: শিক্ষা নয়, মুনাফা।

সমাজ ও রাষ্ট্রের নীতি কি নিছক মুনাফাকেন্দ্রিক হতে পারে? পাবলিক বিশ্ববিদ্যালয় যে বিচিত্র বিষয়ে পাঠদানে সক্ষম কিংবা বাংলাদেশে জ্ঞানচর্চার এই পড়ন্ত বিকালেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকের জ্ঞানের যে দীপ্তি ও পরিধি, অদূর ভবিষ্যতেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেটা অর্জন করতে পারবেন বলে মনে হয় না। ব্যতিক্রম অবশ্যই আছে এবং থাকবে। সান্ধ্যকোর্সে যেসব বিষয় পড়ানো হয়, সেগুলো না পড়ালেও হয়তো সমাজ এগিয়ে যাবে, কিন্তু সেটা আদর্শ সমাজ কিংবা বাঙালির কাম্য সমাজ হবে কিনা সে প্রশ্ন করাই যায়।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করতে কারণটা ব্যক্তিগত নয়, প্রতিষ্ঠানগত ও পরিবেশগত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মালিকেরা সাধারণত, যতদূর দেখেছি, শুনেছি, সংস্কৃতিবান শিক্ষাবিদ নন, কাঠখোট্টা ব্যবসায়ী হয়ে থাকেন। এটাও ঠিক যে স্বাভাবিক, সংস্কৃতি চর্চার জন্যে যে অবসর দরকার তা ব্যবসায়ীদের থাকার কথা নয়। শিশির ভট্টাচারর্য্যের এক ছাত্র নাকি বলেছিল: 'লাঠি দিয়ে যার পেটানোর কথা, সেই পুলিশ কেন রবীন্দ্রসঙ্গীত গাইবে!' যেকোনো ব্যবসায়ীর মতোই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিক-উপাচার্যেরা শিক্ষকদের শ্রমিক মনে করে দৌড়ের উপর রাখেন, চামচামী করতে বাধ্য করেন, অনেক সময় চাকরের মতো ব্যবহার করেন। এই পরিবেশ জ্ঞানচর্চার জন্যে অনুকূল নয়, বলা বাহুল্য। তুলনীয়: দক্ষিণ এশিয়ার বেশিরভাগ সাংসদ রাজনীতিবিদ নন, প্রাক্তন গুণ্ডা ও বর্তমানের ব্যবসায়ী। দক্ষিণ এশিয়ার অনুন্নতির প্রধান কারণ, গুণ্ডা ও ব্যবসায়ীদের কারণে রাজনীতিবিদেরা সংসদ পর্যন্ত আসতে পারেন না। এর পেছনে পরিবারতন্ত্রের হাত আছে, যদিও পরিবারতন্ত্রই একমাত্র কারণ নয়।

অভিবাসনপ্রবণ এই দেশে সান্ধ্যকোর্স বন্ধ করার প্রশ্নই উঠে না। জনগণকে শিক্ষিত করার কোনো বিকল্প নেই। কেন সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাবে না? প্রয়োজনে একাধিক শিফট, রাতের শিফট চালু করতে হবে। প্রয়োজনমতো শিক্ষক নিয়োগ করতে হবে। সান্ধ্যকোর্স ও দিবাকোর্সে আলাদা শিক্ষক নিয়োগ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যশাখা থাকতে সমস্যা কী? সাত কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন দিবাকোর্সের জন্যে মাছের মায়ের এই পুত্রশোক কোথায় ছিল? তখন না রাষ্ট্রপতি, না শিক্ষার্থীরা, কেউতো বলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর দায়িত্বের গুরুভার চাপিয়ে দেয়া ঠিক হচ্ছে না। 'সাত হাতি' যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সামলাতে পেরেছে, তখন 'সাতটি কাছি' সংগ্রহের ঝামেলা কিংবা 'বোঝার উপর শাকের আঁটি' সান্ধ্যকোর্সও ঢাকা বিশ্ববিদ্যালয় সামলাতে পারবে।

বিশ্ববিদ্যালয় দিনরাত খোলা থাকলেই বা ক্ষতি কী? প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন কোর্স চালু করা এখন যুগের দাবি। সবার জন্যে শিক্ষা! শিক্ষাসংকোচন কোনোমতেই কাম্য নয়, রাষ্ট্রের কর্ণধারদের এই বাস্তবতাটা বুঝতে হবে। সান্ধ্যকোর্সের মাধ্যমে সমাজের সর্বস্তরের জনগণের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ সৃষ্টি হয়। এর ফলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উত্তীর্ণ হয়। নাবালক এবং সাবালক, উভয় শ্রেণির মানুষের বিচরণ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে। সান্ধ্যকোর্স না থাকলে বিশ্ববিদ্যালয় সমাজ ও বাজারের সঙ্গে সম্বন্ধহীন একটি প্রতিষ্ঠানে পরিণত হবে। নীতিনির্ধারকদের বুঝতে হবে, সান্ধ্যকোর্স সমস্যা নয়, সমস্যা হচ্ছে, প্রথমত, সান্ধ্যকোর্সের বাণিজ্যিক ব্যবহার (যদি হয়ে থাকে) এবং দ্বিতীয়ত, সান্ধ্যকোর্সের কারণে দিবাকোর্সের প্রতি অবহেলা (যদি হয়ে থাকে)। ঘাড়-ব্যথার জন্যে মাথা কেটে ফেলা উচিৎ হবে না।

সমস্যা কি সান্ধ্যকোর্স নাকি সান্ধ্যকোর্স থেকে প্রাপ্ত অর্থ? ধরা যাক, শিক্ষকেরা সান্ধ্যকোর্স পড়িয়ে কোনো টাকাই নিলেন না! এর পরেও কি সবাই সান্ধ্যকোর্সের বিপক্ষে থাকবেন? যদি না থাকেন, তবে ওদের জিগ্যেস কোরো দিনারজাদি, একজন শিক্ষককে বিনা পয়সায় খাটানোর অধিকার ওদের কে দিয়েছে? এমত রুচিই বা ওদের হলো কী করে? ওরা নিজে কি বিনা পয়সায় কুটোটিও নাড়েন? অবশ্যই নাড়েন না, যা পাওয়া উচিত, তার দশগুণ তারা পান, নইলে রাষ্ট্রের চতুরঙ্গের বাকি সবার যখন বাড়ি-গাড়ি-ব্যাংকব্যালেন্স হয়, শিক্ষকদের হয় না কেন?

৭৩ এর অধ্যাদেশ। বুড়িগঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে গত পঞ্চাশ বছরে। নতুন যুগের নতুন প্রয়োজন অনুসারে সিনেটে-সিন্ডিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ পুর্তিকে সামনে রেখে এই অধ্যাদেশে পরিবর্তন-পরিবর্ধন-সংযোজন করার বিষয়ে আলোচনা হওয়া দরকার। সেই আলোচনার নির্ধারিত হওয়া উচিত, সান্ধ্যকোর্স থাকবে কি থাকবে না। বাঙালির মতো অশিক্ষিত ও অর্ধশিক্ষিত একটি জাতির পক্ষে বিকালে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিলাসিতা আদৌ গ্রহণযোগ্য কিনা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মরুঝড়ে বিপর্যস্ত উটের মতো বালিতে মুখ না গুঁজে পড়ে না থেকে সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পরিবর্তন এবং অধ্যাদেশ না থাকলে যুগোপযোগী অধ্যাদেশ প্রণয়নে ভূমিকা রাখতে পারে।

নদীমাতৃক ও জলীয় বাষ্পপূর্ণ বাংলাদেশ জায়গাটা কখনই অশ্ব কিংবা অশ্বতরের বাসের উপযুক্ত ছিল না। কিন্তু 'মুখের লাগাম' বলে একটা কথা অদ্যাবধি বাংলা শব্দকোষের অংশ হয়ে আছে কেন? – এই প্রশ্ন প্রায়ই আমাকে ভাবিত করে দিনারজাদি। সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পদস্থ পর্যন্ত বাঙালি মাত্রেরই স্বভাবগত, অচিন্তিত ও ফসকানো মুখ বাকচাপল্যই এর কারণ কিনা, ভেবে দেখা যেতে পারে।

[ইতিমধ্যে পূবের আকাশে সুবেহ-সাদিকের চিহ্ন ফুটে উঠলে এবং ভোরের আজান শোনা গেলে শেহেরজাদি কথা থামিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে নকশি-লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন দুই বোন প্রতিদিনের মতো। সতেরো রাত্রি ধরে বাদশা মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং নিয়ে বেগম শেহেরজাদি ও শ্যালিকা দিনারজাদির সওয়াল-জওয়াব। ঢাকা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-এ স্থান না পাবার কারণ বিশদভাবে ব্যাখ্যা করার জন্যে একজন শাসক হিসেবে মনে মনে ধন্যবাদ দিলেন তিনি বেগম শেহেরজাদিকে এবং সেইসঙ্গে শ্যালিকা দিনারজাদিকেও। র‌্যাংকিং নিয়ে আলোচনায় আর কিছু না হোক, শেহেরজাদির মৃত্যুদণ্ড স্থগিত হচ্ছে দিনের পর দিন– এটাই বা কম কী! শেহেরজাদি আর কেউ নন, বাংলার জনগণের যুক্তিশীল ও দেশপ্রেমিক বিবেক, দিনারজাদি ও বাদশা নিজে যার মুগ্ধ দুই সমঝদার]