১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদার বৈঠক ও মির্জা ফখরুলের সাক্ষাৎকার

স্বদেশ রায়

Published : 04 Sep 2019, 02:31 PM

Updated : 01 Jul 2022, 05:38 PM

যেকোনো রাজনৈতিক দলের নীতি নির্ধারকদের কোনো সাক্ষাৎকার সবসময়ই গুরুত্বপূর্ণ। তাঁদের বক্তব্যের ভেতর দিয়ে দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ অবধি ওই দলের রাজনীতির গতি প্রকৃতি বুঝতে পারে। মির্জা ফখরুল ইসলাম তাঁর দলের প্রয়োজনে প্রায়ই বক্তব্য রাখেন। সে সব বক্তব্যতেও তাঁর দলের রাজনীতি থাকে তবে সেগুলো তাঁকে বিভিন্ন ফোরামে, বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে বলতে হয়। এসব ক্ষেত্রে সব কথা সাধারণত সমান গুরুত্ব রাখে না। কোনো কোনো কথা তাঁকে বলার জন্যে বলতে হয়, কোনোটা মাঠ রক্ষার জন্যে বলতে হয়। তবে এই একই ব্যক্তি যখন তার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি সংবাদপত্রকে বা কোন টেলিভিশনকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন সেটা থাকে সম্পূর্ণ ভিন্ন। তেমনই ভিন্ন ধরনের একটি সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার তাঁর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা ট্রিবিউনকে। সেখানে মির্জা ফখরুল ইসলাম স্বীকার করেছেন, পার্লামেন্ট নির্বাচনের পরে তাঁর দলের প্রতিক্রিয়া ছিলো আবেগের ফল। বাস্তবতা হলো তাঁর দল সংসদে গেছে। তিনি যেহেতু দলের নেতৃত্বে আছেন, তাই তিনি সংসদে যাননি। এর ভেতর দিয়ে একটি বিষয় পরিস্কার হলো রাজনৈতিকভাবে বিএনপি মেনে নিয়েছে একাদশ জাতীয় সংসদ একটি বাস্তবতা। এ নিয়ে তাদের আর কোন প্রশ্ন নেই। এর পরে নিশ্চয়ই ধারণা করা যায়, বিএনপি বিরোধী দলীয় সদস্য হিসেবে সংসদে তাদের মতো করে যথাভূমিকা রাখবে। তাদের সংসদ সদস্যরা এ বিষয়ে সক্রিয় থাকবেন। পাশাপাশি সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত গাড়ি, প্লটসহ অনান্য সুবিধাগুলো যথাভাবে বুঝে নেবেন। আর মীর্জা ফখরুল ইসলাম দলের নেতৃত্ব দেবেন, যতটুকু পারেন।

তবে এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন, তাঁর দল নেতৃত্ব সংকট কাটিয়ে উঠেছে। তবে সেটা মির্জার নেতৃত্বে নয়। বরং তিনি বলেছেন, তারেক রহমান এখন লন্ডন থেকে তৃণমূল পর্যায় অবধি নেতৃত্ব দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার ভেতর দিয়ে দুটো বিষয় বেশ পরিস্কার হয়ে ওঠে। এক, তারেক রহমান দলের নেতৃত্ব দিলেও তারা মনে করেন না একটি জাতীয় নির্বাচনের নেতৃত্ব দেবার মত নেতা তারেক রহমান। সেটা শুধু তিনি নন, তাঁর দলের সকলে নির্বাচনের আগে স্বীকার করে নিয়েছেন। আর এ কারণেই জাতীয় নির্বাচনের আগে তারা তারেক রহমানকে নেতা মেনে নির্বাচনে যাননি, তারা ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিলেন। ড.কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়ে তারা কতদূর লাভবান হয়েছেন সেটা তাদের দলীয় ফোরামে হিসাব করবেন। তবে একটি বিষয় যে ঘটেছে তা সত্য, ড. কামালের দলের দুই জন নেতা সংসদ সদস্য হিসেবে সংসদে প্রবেশ করেছেন পাশাপাশি তাদের কারণে বিএনপিও সংসদে যোগ দিতে পেরেছে সহজভাবে; নইলে তাদের খানিকটা অসুবিধা হতো সংসদে যেতে। অবশ্য তারা যে একটা যুৎসই পথ বের করতে পারতেন না তা নয়।

মির্জার এই বক্তব্য'র মধ্য দিয়ে একটা বিষয় পরিস্কার হচ্ছে, যত যাই কিছু ঘটুক না কেন, বিএনপি এখনও তারেক রহমানকে নেতা মানে। বিএনপি যেহেতু এখনো তারেক রহমানকে তাদের মূল নেতা মানে তাহলে বাংলাদেশের মানুষ এর পরে চিন্তার সুযোগ পেল, তারা আবারও হাওয়া ভবনের নেতৃত্ব চায় না একটি পরিবর্তিত, পরিশীলিত ডানপন্থী রাজনৈতিক দল চায়। পাশাপাাশি বিএনপি কর্মীদেরও অনেকে আবেগের বাইরে গিয়ে ভাবার সুযোগ পাবে, তারা বর্তমান পৃথিবীর বাস্তবতায় কোন ধরনের বিএনপি চায়? খালেদার অবর্তমানে একটি পরিশীলিত রাজনৈতিক দল না আবার হাওয়া ভবন? বিএনপির কয়েকজন মহিলা নেত্রীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে যা দেখেছি তা থেকে বোঝা যায়, বিএনপিতে অনেকে আছেন যারা তারেক রহমান মুক্ত বিএনপি চান। অন্যদিকে বিএনপি তারেক রহমান মুক্ত হলে তাদের পক্ষে জামায়াত বা জঙ্গীদের সম্পর্ক ছাড়া সহজ হবে এটাও সত্য। পাশাপাশি এও সত্য, বিএনপি একটি  সেন্টার রাইট রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে। এবং সে বিএনপির সঙ্গে আর্ন্তজাতিক বিশ্বের সম্পর্কও ভালো হবে। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র এমনকি চীনের সম্পর্কও ভালো হবার কোন সুযোগ নেই। কারণ, ভারত বা আমেরিকার মত চীনও জঙ্গীবাদকে প্রশ্রয় দেবে না। তাছাড়া দুটো পাকিস্তান নিয়ে খেলতে গেলে চীনের নিজেরই ক্ষতি হবার সম্ভাবনা বেশি।

অবশ্য মির্জা ফখরুলের কথার ভেতর আশার বাণী শোনানোর মত একটি লাইন আছে। তিনি বলেছেন, আমাদের গুছিয়ে উঠতে, সরকারবিরোধী আন্দোলনে যেতে আরো অনেক সময় লাগবে। বাস্তবে মির্জা ফখরুল ইসলাম বা তাদের নেতৃত্ব এই যে সময় নিচ্ছেন এটা বর্তমান বাংলাদেশের রাজনীতির জন্যে খুবই দরকার। কারণ, বাংলাদেশ এখন একটি যুগসন্ধিক্ষণে। বর্তমানে দেখা যাচ্ছে, দুটো জেনারেশন কাজ করছে। একটি ষাটের দশকের জেনারেশন, আরেকটি ৭৫ পরবর্তী সঠিক পথে চলা ও কনফিউজ পথে চলা গ্রুপ– এই দুটো গ্রুপ মিলে একটা জেনারেশন। আর এই দুটো জেনারেশনের পিছু পিছু দুটো জেনারেশন উঠে আসছে যেখানে কনফিউজের সংখ্যা কম, এবং এর সঙ্গে রয়েছে তথ্য প্রযুক্তির কারণে পৃথিবীর সঙ্গে অধিকতর যোগাযোগসম্পন্ন একটি জেনারেশন। যারা আগামী দশ বছরের ভেতর সবকিছুর নেতৃত্ব নেবে। তাদের ক্ষমতার কাছে তাদের ওপরের সকল জেনারেশন হেরে যাবে। তাছাড়া ততদিনে ষাটের দশকের জেনারেশন অবসরে চলে যাবে। তাই আগামী এই দশ বছর সময় বাংলাদেশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তখন বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের, সকল পেশার নেতৃত্বে এই জেনারেশন থাকবে। তাই স্বাভাবিকই মির্জা ফখরুলকে সময় নিয়ে, ধৈর্যের সঙ্গে এই পথেই যেতে হবে। যাতে বিএনপি নামে হোক বা অন্য কোনো নামে নতুন একটি কনজারভেটিভ পার্টি বাংলাদেশে গড়ে ওঠে। এটা সত্য, সব সমাজে সব সময়ে কনজারভেটিভ একটি গোষ্ঠী থাকবেই। মির্জা ফখরুল যদি সত্যি সত্যি সময় নেন তাহলে তিনি হয়তো থাকবেন না কিন্তু বিএনপি সমাজে যে গোষ্ঠীকে ধারণ করে তাদেরকে এই শুভস্থানে পৌঁছে দিতে এ সহায়তাটা তিনি করতে পারবেন।

অনেকে এখানে বলতে পারেন, ওই প্রজন্ম যখন সবখানে নেতৃত্বে যাবে তখন কি শুধু সমাজে যারা বিএনপিকে এখন ধারণ করে আছে তাদের ক্ষেত্রেই পরিবর্তন ঘটবে? না, তা নয়। ওই পরিবর্তনের ধাক্কা সমাজের ও রাষ্ট্রের সবখানে লাগবে। তাতে সব রাজনৈতিক দলসহ সকল প্রতিষ্ঠানে, সকল পেশায় পরিবর্তনের ধাক্কা লাগবে। আজ যারা উদারনৈতিক বলে দাবি করছে তাদের ভেতরও অনেক পশ্চাৎপদতা আছে, সেগুলো প্রজ্ঞা ও প্রযুক্তি দুই মিলে কিন্তু ইতোমধ্যে বদলাতে শুরু করেছে। এই বদলের হাওয়ায় অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। কারণ, এটা সভ্যতা ও সমাজের নিজস্ব চাহিদা। বাস্তবে এটা প্রকৃতির মত। তাই কোনো শক্তি নেই এর বিরুদ্ধে দাঁড়াবার। যে যত আগে এই পরিবর্তনকে স্বাগত জানাতে পারবে সে ততই এগিয়ে থাকবে।

কিন্তু মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারে অনেক বৈপরীত্য আছে। তিনি যেমন সময়ের কথা বলছেন তেমনি আবার তারেক রহমানের নেতৃত্বকে মূল নেতৃত্ব বলার চেষ্টা করছেন। এমনকি অনেক পেছনে গিয়ে বেগম জিয়াকে নিয়ে তিনি অনেক বেশি উচ্চাভিলাষী একটি চিন্তা এখানে প্রকাশ করেছেন। যদিও এই সাক্ষাৎকার দেবার আগে তিনি আরো কয়েকবার এ কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার একটি উচ্চ পর্যাযের বৈঠক আশা করছেন। একথা যদি তিনি তার কর্মীদের সন্তুষ্ট করতে বলে থাকেন এ নিয়ে কারো কোনো কথা থাকা উচিৎ নয়। কারণ, এই ধরনের রাজনৈতিক দলের নেতাদের অনেক কথা বলতে হয়। তারা সেটা শুধু বলার জন্যে বলেন। একথা বেগম জিয়াও এক প্রতিক্রিয়ায় স্বীকার করেছিলেন। প্রথমবার ক্ষমতায় আসার আগে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এমন কথা বলেছিলেন যে ভারতে অনেক বাংলাদেশী আছে তাদেরকে তিনি প্রধানমন্ত্রী হলে বের করে দেবেন। এ বিষয়ে বেগম জিয়ার প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চান, তিনি বলেন, 'নির্বাচনে জেতার জন্যে অনেক কিছু বলতে হয়।' বাস্তবে বেগম জিয়া ভালো করেই জানেন, বিএনপির মত একটি গোষ্ঠী নিয়ে চলতে হলে অনেক কথা বলতে হয়। মির্জা ফখরুল যদি ওই পথ অনুসরণ করেন তাহলে এ নিয়ে কোন আলোচনা কারো করা উচিত নয়। তবে এ বিষয়ে সাংবাদিকরা বিএনপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক প্রফেসর এমাজউদ্দিন আহমদকে জিজ্ঞেস করেছিলেন- বাস্তবে এটা সম্ভব কিনা? তিনি জ্ঞানী মানুষ। সরাসরি না বলেননি, তিনি বলেছেন ওই শক্তি আগে বিএনপিকে সঞ্চয় করতে হবে। বাস্তবে এমাজউদ্দিন আহমেদের কথা ধরে বলা যেতে পারে, এ ধরনের বৈঠক তখনই সম্ভব হবে যখন শেখ হাসিনাকে জেলে গিয়ে খালেদার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান ও ভবিষ্যত বাস্তবতা হলো সেই শক্তি, বা কোনো ধরনের রাজনৈতিক শক্তি বিএনপির খোলসের ভেতর থেকে এই রাজনৈতিক দলটির অর্জন করা কখনই আর সম্ভব হবে না। আর বেগম জিয়া যে জেলে আছেন এটা আইনের শাসন বাস্তবায়নের একটি ধারাবাহিকতা। এটা বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচারেরই ধারাবাহিকতা। বরং প্রশ্ন আসে, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদার সংশ্লিষ্টতা পাওয়া সত্ত্বেও সরকার কেন তাকে ছাড় দিয়ে যাচ্ছে? তাই প্রফেসর এমাজউদ্দিনের ওই ' বিএনপির রাজনৈতিক শক্তির' কথা বাদ দিয়ে মির্জা ফখরুল যদি আপসে কোন আলোচনার কথা ভাবেন তাহলে তাকে আগে ভাবতে হবে ২১ অগাস্টের কথা। মনে রাখতে হবে, তারপরেও শেখ হাসিনা অনেক ছাড় দিয়েছেন। এর পরে অলীক স্বপ্ন কতটা দেখা যেতে পারে!