১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং কি সত্যিই অস্পৃশ্য!

বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং কি সত্যিই অস্পৃশ্য!
যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথ ক্যম্পাসে বিশ্ববিদ্যালয়টির এক্সিকিউটিভ ভাইস-চ্যান্সেলর ও চিপ অপারেটিং অফিসার প্রফেসর মো. আতাউল করিমের সাথে লেখক।

শুভংকর বিশ্বাস শুভংকর বিশ্বাস

Published : 03 Jun 2019, 09:04 PM

Updated : 01 Jul 2022, 05:39 PM

যাক, দেরিতে হলেও কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে। আগে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ হওয়ার পর বিচ্ছিন্নভাবে মিডিয়াতে মৃদুমন্দ আওয়াজ উঠত। তবে তা কখনও বিশ্ববিদ্যালয়ের বড় কর্তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়নি। এবারই দেখলাম 'টাইমস হায়ার এডুকেশনে'র র‍্যাংকিং প্রকাশ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই বিষয় নিয়ে কথা বলতে। অবশ্য এই অবাধ তথ্য প্রবাহের যুগে খুব বেশিদিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এই দৈন্যতাকে ধামাচাপা দিয়ে রাখাও যেত না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন তো মাত্র ডিম ফুঁড়ে বের হওয়া বাচ্চারাও জেনে গেছে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং নামক কিছু একটা আছে, যার মধ্যে বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয় নেই। কথাটা অপ্রিয় হলেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষদেরকে তা হজম করতে হচ্ছে। আচ্ছা, আসলেই কি আমাদের কোনও যোগ্যতা নেই র‍্যাংকিংয়ে উন্নতি করার?

গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটরিয়ায় আয়োজিত 'আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও করণীয়'- নামক এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, 'তথ্য দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং এর আওতাভুক্ত হবে।' এমনটিই নাকি তাকে ফোন করে বলেছেন র‍্যাংকিংকারী সংস্থা, টাইমস হায়ার এডুকেশনের একজন প্রতিনিধি। এখানে আওতাভুক্ত হওয়া মানে কিন্তু র‍্যাংকিংয়ে ভালো অবস্থান নিশ্চিত করে না। সেটা নির্ভর করছে তথ্য-উপাত্তগুলোর বিশ্লেষণের উপর। এটা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। তাই আসুন তথ্যের মধ্যে কী কী থাকা উচিত সেটা আলোচনা না করে, আমরা বরং দেখি তথ্য ভাণ্ডার এবং র‍্যাংকিং এর প্রশাসনিক দিকটা নিয়ে।

আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় কি সত্যিই আগে থেকে জানতেন না যে, তথ্য দিলে র‍্যাংকিং এর আওতাভুক্ত হওয়া যায়? উনি যদি আগে থেকে জেনেই থাকেন, তাহলে কেন বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সরবরাহ করা হয়নি? আর যদি না জেনে থাকেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পদ্ধতি নিয়ে বিরাট প্রশ্ন থাকা স্বাভাবিক নয় কি? এটা এখন ওপেন সিক্রেট যে, সাধারণত রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তাহলে কি এটা রাজনীতির দৈন্যদশা বোঝাবে, নাকি ক্ষমতাশীল দলের সমর্থক শিক্ষকদের যোগ্যতার দৈন্যদশা বোঝাবে? এই দুইটার কোনটিই যদি না হয়, তাহলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি এমন কোনও শিক্ষক নাই, যিনি একই সাথে একজন আন্তর্জাতিক মানের গবেষক এবং সরকারি দলের সমর্থক, যাকে উপাচার্য হিসেবে বিবেচনা করা যায়?

"একজন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তার অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ"- এমনটি বলেছেন বাংলাদেশি বংশদ্ভুত আমেরিকান বিজ্ঞানী প্রফেসর মো. আতাউল করিম, যিনি এখন আমেরিকার ইউনিভারসিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের প্রভোস্ট ও এক্সিকিউটিভ ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত আছেন।

তিনি আরও যোগ করেন, "এমন না যে তাকে এখনও গবেষণা বা এতদসংশ্লিষ্ট বিষয়ের মধ্যে থাকতে হবে। তবে উনাকে অবশ্যই অ্যাকাডেমিক সকল বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে। তাহলেই না যেকোনও সমস্যা তিনি মুহূর্তের মধ্যে অনুধাবন করে তাৎক্ষণিকভাবে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন।"

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড বলতে পাঠদান করার পাশাপাশি জ্ঞান তৈরি করা, অর্থাৎ, গবেষণা অভিজ্ঞতাকে বোঝানো হয়ে থাকে। সাথে ক্ষেত্র বিশেষে কিছু প্রশাসনিক দায়িত্বকেও আমলে নেওয়া হয়। তবে এক্ষেত্রে একজন শিক্ষক বা গবেষকের রিসার্স আউটপুটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। একজন গবেষকের পেটেন্ট সংখ্যা, মাস্টার্স ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান সংখ্যা, টোটাল সাইটেশন সংখ্যা, h-ইনডেক্স, i10-ইনডেক্স- এগুলো দ্বারা সাধারণত তার অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড নির্ণয় করা হয়।

এই সব ইনডেক্সগুলি নিয়ে বাংলাদেশের গুটিকতক শিক্ষক ছাড়া সার্বিকভাবে কোন বিশ্ববিদ্যালয়কে সিস্টেমগত কোনও ভূমিকা পালন করতে দেখা যায় না। এমন না যে, বাংলাদেশে মোটেও গবেষণা হয় না, দেশের বেশ কিছু অধ্যাপককে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা দেশে থেকেই খুব ভালো মানের জার্নালে নিয়মিত গবেষণাপত্র প্রকাশ করছেন। আবার এমনও দেখা যায় যে, গবেষণাপত্র কোনও একটি ভালো জার্নালে প্রকাশ করার জন্য গৃহীত হয়েছে বটে, কিন্তু জার্নালের ওপেন অ্যাকসেস পাব্লিকেশন ফির জন্য অধ্যাপকেরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালের সাহায্য না পেয়ে ইউজিসিসহ অন্যের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এভাবে কি কোনও গবেষণা হয় বলুন? এসব সমস্যা সমাধানে দরকার বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য প্রশাসক, একজন মেরুদণ্ডযুক্ত পণ্ডিত ভাইস-চ্যান্সেলর। কিন্তু সেই পণ্ডিত ব্যক্তিদের নিজেদের অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ডই যদি লবডঙ্কা হয়, তারা কি কখনও বুঝবেন সমস্যা সমাধানে কী করতে হবে?

বর্তমান এই ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব তথ্যই ঘরে বসে হাতের মুঠোয় পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ট্র্যাক রেকর্ডও এর আওতাভুক্ত। বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে প্রথম কয়েক শত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেকোনওটির ওয়েবসাইটে ঢুকে আমরা যেকোনও শিক্ষকের হালনাগাদ তথ্য জানতে পারবো। আজকাল তো উইকিপিডিয়া, গুগল বা গুগল স্কলারে সার্চ দিয়েও প্রায় সবার তথ্য উদঘাটন করা যায়।

সাধারণত প্রতিটা বিশ্ববিদ্যালয়েরই আলাদা একটা স্ট্র্যাটেজিক প্লানিং ও ম্যানেজমেন্ট বিভাগ থাকে যার বিজনেস ইন্টেলিজেন্স ইউনিট অভ্যন্তরীণভাবে এসব কর্মকাণ্ড তদারকি করে থাকে। তাছাড়া এই বিভাগ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কলেবর বৃদ্ধির জন্য (র‍্যাংকিংসহ) অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের রিসার্স অ্যানালিস্ট পার্থ সাহার মতে, "তাদের এই বিভাগ বিশ্ববিদ্যালয়টির গুণগত মান উন্নয়নের জন্য রিসার্স কোয়ালিটি বিশ্লেষণ করে ডাটাবেজ তৈরি করে তা উপাচার্য অফিসে রিপোর্ট করে, যাতে উপাচার্য মহোদয় প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হন। সাথে এই ইন্টেলিজেন্স ইউনিট বিশ্ববিদ্যালয়টির গবেষণাসহ র‍্যাংকিং এর সকল সূচকের হালনাগাদ তথ্য বিভিন্ন র‍্যাংকিং এজেন্সিতে জমা দেয়। তবে তাদের এই ডাটাবেজ তৈরির কাজ লাইব্রেরি অনেকটা এগিয়ে দেয়। তাছাড়া তাদের সিস্টেমগুলো এমনভাবে তৈরি যে, বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কোনও মানসম্মত জার্নাল প্রকাশ হওয়ার সাথে সাথেই তা ওয়েব অব সায়েন্স, স্কোপাসসহ নিজেদের অথর প্রোফাইলে আপডেট হয়ে যায়।

আমরা জানি, র‍্যাংকিং এজেন্সিগুলো তাদের সংশ্লিষ্ট শাখায় জমা হওয়া তথ্য এবং অনলাইনে উপস্থিত তথ্যগুলো সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং করে থাকে। আর নিজেদের স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোও তাদেরকে উপযাজক হয়ে তথ্য সরবরাহ করে। র‍্যাংকিং এ থাকা প্রথম দিককার বিশ্ববিদ্যালয়গুলো তো নিজেদেরকে আরও উচ্চতায় নেওয়ার জন্য রীতিমত আদাজল খেয়ে নেমেছে। আর আমরা বাংলাদেশিরা বিভিন্ন রং-বেরংয়ের উপদলে বিভক্ত হয়ে সেই রং দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে হলি খেলতে পুলকিত বোধ করি। শিক্ষার মান নিয়ে চিন্তা করা তো দূরে থাক, কেউ খোঁজও রাখি না আমাদের বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটের কি বেহাল দশা!

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড দেখার জন্য কিছুদিন আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুঁ মেরেছিলাম। তার মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপাচার্যদের স্বাগত বয়ান দেখলাম বটে, কিন্তু তাদের অ্যাকাডেমিক প্রোফাইলের কোনও হদিস পেলাম না! বহু কষ্টে ম্যানুয়ালি কয়েকজন উপাচার্যের Total citation, h-index, i10-index তৈরি করে- সেটা দেখে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটসমূহ যথাযথভাবেই তাদের মনিবকে চক্ষু লজ্জার হাত থেকে রক্ষা করে চলেছেন অত্যন্ত সঙ্গোপনে!

ঐতিহ্যগত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাধারণত বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়সমুহের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাছাড়া ইউজিসির কর্ণধার পদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বগলদাবা হয়ে থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিন্ন চিন্তা করার সুযোগও খুব সীমিত। তাই সার্বিকভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালগুলোর কোনও ইস্যু নিয়ে কথা বললে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা সবার আগে বলা উচিত, কারণ কথায় আছে, মাছের পচন সাধারণত মাথা থেকেই আগে শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক আতাউল করিম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, ২১ জানুয়ারি ১৯৭২ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি ২০১৮ সাল পর্যন্ত প্রাচ্যের অক্সফোর্ডটিতে যে ১৬ জন উপাচার্য নিয়োগ পেয়েছিলেন, তাদের সম্মিলিত মোট সাইটেশন সংখ্যা মাত্র ৬৫১ টি, যার মধ্যে নয় জন উপাচার্যের একটিও সাইটেশন নেই!

(সাইটেশন বা রেফারেন্সের সংখ্যা নিয়ে কোনও বাঁধা ধরা নিয়ম নেই। তবে যুক্তরাজ্যের একজন সাধারণ মানের অধ্যাপকেরও কমপক্ষে গড়ে ১ হাজার সাইটেশন থাকে বলে গুগল স্কলারের তথ্য বলছে।- সম্পাদক)

তাহলে বলুন উনাদের কাছ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কী আশা করতে পারি?

এ ত্রাহি অবস্থা থেকে কি পরিত্রাণের কোনও উপায় নেই? অধ্যাপক আতাউল করিমের মতে, "একটা মোটামুটি মানের বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‍্যাংকিং এ শক্ত অবস্থানে নিতে কমপক্ষে ষোল বছর লাগবে, আর ভালো র‍্যাংকিংয়ে থাকা একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতে দরকার মাত্র দুই বছর।"

তবে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা উপস্থাপন করেছেন। তার মতে, যদি ইউজিসি শক্ত হয় এবং সরকার যদি কোনরূপ বাধার সৃষ্টি না করে, তবে দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কর্মপন্থা ঠিক করা সম্ভব, যার সুফল র‍্যাংকিংয়েও পাওয়া যাবে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রঙের রাজনৈতিক প্যানেল চিরতরে নিষিদ্ধ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। সাথে নিন্মোক্ত স্বল্পমেয়াদী পদক্ষেপগুলো নিতে হবে-

  • শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অর্থহীন নিজস্ব জার্নালসমূহের উৎপাদন বন্ধ করতে হবে।
  • অ্যাকাডেমিক গবেষণা, পাঠ্যক্রম, শ্রেণীকক্ষে শিক্ষাদান, অ্যাকাডেমিক প্রশিক্ষণ এবং পাঠ্যপুস্তক রেফারেন্স- এসব ক্ষেত্রে সততা ও নীতি-নৈতিকতার ব্যাপারে সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে।
  • যদি অ্যাকাডেমিক কোনও বিষয় নিয়ে কোথাও কেউ অনিয়ম/অসদাচরণ করে, রাজনৈতিক প্রভাব বা অন্য কোনওভাবে পক্ষপাতদুষ্ট না হয়ে সরাসরি তার মোকাবেলা করতে হবে।
  • ছাত্র ও শিক্ষকদের নৈতিকতার সাথে প্রকৃত গবেষণা করার জন্য উৎসাহ দিতে হবে, যাতে সেটা কোনও আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়। সাথে ভালো মানের জার্নালে নিবন্ধ প্রকাশ হলে আর্থিক প্রণোদনা বা অন্য কোনও পুরস্কারের ব্যবস্থা করতে হবে।
  • অ্যাকাডেমিক নীতিমালা প্রণয়নে অযাচিতভাবে রাজনৈতিক হস্তক্ষেপের প্রভাবমুক্ত রাখতে হবে, এবং
  • বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দিতে হবে সংখ্যায় পরিমাপযোগ্য পাণ্ডিত্যপূর্ণ গবেষণা (number of quality publications, total citation, h-index etc.) ও শিক্ষাদানের মানের (student feedback) উপর নির্ভর করে।

সুপ্রিয় পাঠক, আপনাদের অনেকের মত আমিও চাই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হোক। আমার মনে হয় শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরাও চান না যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক। আর তা-ই যদি সত্যি হয়, দেশের বিশ্ববিদ্যালয়সমুহের বেহাল দশা থেকে মুক্তির জন্য অধ্যাপক করিমের অভিজ্ঞতালব্ধ নির্মোহ উপদেশসমূহ কি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিবেচনার দাবি রাখে না?