Published : 11 Feb 2025, 03:54 PM
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বরেলি আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। শুক্রবার ভোরে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এই আসনটি ছিল রাহুলের মা সোনিয়া গান্ধীর। কিন্তু সোনিয়া ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় চলে যাওয়ায় আসনটি খালি হয়ে যায়। রায়বরেলি আসনটি গান্ধী পরিবারের ঘাঁটি বলে বিবেচনা করা হয়। সোনিয়া গান্ধী না থাকায় প্রথমে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে রায়বরেলি আসন থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছিল বলে জানিয়েছে এনডিটিভি। কিন্তু প্রিয়াঙ্কা প্রার্থী হতে রাজি হননি।
গত বছর উত্তর প্রদেশের আমেঠি থেকে নির্বাচন করেছিলেন রাহুল। ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে রাহুল আমেঠি আসনে জিতলেও ২০১৯ সালে এই আসনে তিনি হেরে যান। তাকে হারিয়ে দেন বিজেপির স্মৃতি ইরানি। সেবার উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্য শুধুমাত্র রায়বরেলিতে জিতেছিল কংগ্রেস।
এবার আমেঠিতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কিশোরী লাল শর্মা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শুক্রবার সকালে আমেঠিতে কিশোরী লাল শর্মা কংগ্রেস থেকে তার মনোনয়নপত্র জমা দেবেন। প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে থাকবেন।
আর রায়বরেলিতে রাহুল তার মনোনয়নপত্র জমা দেবেন শুক্রবার দুপুর নাগাদ। আগামী ২০ মে পঞ্চম দফা ভোটের দিন এই দুটো আসনে ভোট অনুষ্ঠিত হবে।
এবারে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। আমেঠি আসনটি কংগ্রেসকেই ছেড়ে দিয়েছে অখিলেশের দল। এনডিটিভি জানায়, অখিলেশ চেয়েছিলেন রাহুল যাতে আমেঠি থেকে লড়াই করেন। তবে রাহুল তাতে রাজি হননি। যে কারণে, দীর্ঘদিনের বিশ্বস্ত নেতা কিশোরী লালকে বেছে নেয় কংগ্রেস।