বাংলাদেশ বেতার: সংবাদ পাঠে বড় টিপ নয়, ওড়নাতেও মানতে হবে নিয়ম
পুরুষ সংবাদ উপস্থাপকদের ফুলহাতা শার্ট, টাই পরতে হবে। টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না।
ফেইসবুক লাইভে বাংলাদেশ বেতারের সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে নারী উপস্থাপকদের নির্ধারিত ‘ড্রেস কোড’ অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।
৪ মে বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনীন স্বাক্ষরিত অফিস আদেশে নারী সংবাদ উপস্থাপকদের জন্য ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার কামিজ ও শাড়ি পরার কথা বলা হয়েছে।
একইসঙ্গে কপালে বড় ধরনের টিপ ও একপাশে ওড়না পরা যাবে না।
পুরুষ সংবাদ উপস্থাপকদের ফুলহাতা শার্ট, টাই পরতে হবে। উৎসব ও পার্বনে পাঞ্জাবি পরা যাবে। তবে টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না।
এই আদেশ নিয়ে জানতে বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ ও তানিয়া নাজনীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
তবে রাতে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের বলেন, "শালীনতার কারণে এই বিষয়টা... একটা ঘটনার পরে শালীনতা রাখার জন্য এটা করতে গিয়ে বিষয়টা এরকম...। ভাষাগত হয়তো কিছু ত্রুটি থাকতে পারে। বিষয়টা আপনারা একটু…
“মূলত শালীনতা বজায় রাখার জন্য ওদেরকে আহবান জানানো হয়েছে।”
