‘খবরের ভেতরের খবর’ চান তথ্য সচিব মাহবুবা
তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুয়েকটি পত্রিকায় কিছু প্রতিবেদন এসেছে, সেগুলো ‘অপতথ্য এবং মিথ্যা তথ্যের শামিল’ বলে মন্তব্য করেন তথ্যসচিব।
ফেইসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ ফল উৎসবে' তিনি এ কথা বলেন।
সচিব বলেন, "একটা বিষয়ে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এগুলো তো সয়লাব হয়ে আছে ফেইসবুকে। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন।
“অনুসন্ধানী সাংবাদিকতা, যেটা খুব কমে গেছে, সেটা নিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।”
সচিব বলেন, "একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সাথে আরও অনেক মানুষ থাকা উচিৎ। আমাদেরও আপনাদের প্রতি আরও বেশি কেয়ার রাখা উচিৎ।
“আশা করব এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হয়।"
মাহবুবা ফারজানা বলেন, "তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন।"
তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুয়েকটি পত্রিকায় কিছু প্রতিবেদন এসেছে, সেগুলো ‘অপতথ্য এবং মিথ্যা তথ্যের শামিল’ বলে মন্তব্য করেন তথ্যসচিব।
তিনি বলেন, "এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি কিছু মনে হয়, আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো দেবেন।
“যদি এমন হয় সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমার সাথে কথা বলবেন, আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন।"
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এ সময় উপস্থিত ছিলেন।
ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
