১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবা আমার বন্ধু

“বাবা আমিও তো তোমার মা, তুমি আমাকে মা বলে ডেকো।”

বাবা আমার বন্ধু
ব্যবহৃত শিল্পকর্ম: পাবলো পিকাসো (১৮৮১-১৯৭৩)।

বিডিনিউজ২৪

মেহনূর মনির ঢেউ

প্রথম শ্রেণি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ

Published : 15 Jun 2025, 08:35 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

বাবা যদি সবসময় বাসায় থাকত। কত মজা হতো তখন। আমার বাবার নাম মনিরুল আলম। ছবি তোলাই নাকি বাবার কাজ। 

বাবার কাছে আমি সব কথা বলি। সারা দিন কাজ করে যখন বাসায় আসে ঘরে ঢুকেই বাবা বলবে, “ঢেউ আমাকে পানি দে”। আমি গ্লাসে পানি নিয়ে বাবাকে দিই। আমার খুব ভালো লাগে।

তারপর ঘুমানোর সময় শুরু হয় আমাদের বাপ-বেটির আড্ডা। বাবা আমাকে রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। আমার পছন্দের গল্প হলো ‘ভূতের গল্প’। ভূতের গল্প শুনে আমি ভয় পাই না। কারণ, আমি জানি ভূত বলতে কিছু নেই। 

মা আমাকে অনেক কিছু করতে মানা করলেও বাবা কখনো মানা করে না। আমি ছবি আঁকতে পছন্দ করি, তাই আমার ছবি আঁকার জন্য যা যা প্রয়োজন বাবা আমাকে সব এনে দেয়। এমনকি বাবা আমাকে ক্যামেরাও দিয়েছে। বলেছে, “এই ক্যামেরা দিয়ে তোর যা মন চায় ছবি তুলবি”।

ছবি তোলার জন্য মাঝে মাঝে বাবা আমাকে বেড়াতে নিয়ে যায়। এই যেমন সেদিন বাংলা একাডেমির বৈশাখী মেলায় নিয়ে গেলো। বাবার সঙ্গে আমিও অনেক ছবি তুললাম মেলার। 

ইদানীং বাবার অনেক মন খারাপ থাকে। কারণ, বাবার মা, মানে আমার দাদি কিছুদিন আগে মারা গিয়েছেন। বাবার সঙ্গে আমিও দাদির জন্য নামাজ পরে দোয়া করি। 

বাবার মন খারাপ দেখতে আমার ভালো লাগে না।৷ বাবাকে আমি আদর করে বলি, “বাবা আমিও তো তোমার মা, তুমি আমাকে মা বলে ডেকো।”

বড় হয়ে বাবার মায়ের মতোই আমি বাবার পাশে থাকব। বাবার মন তখন ভালো হয়ে যাবে। আমার তো বাবা আছে। এক বন্ধুর বাবা নেই। তার তো কষ্ট অনেক। বাবাকে নিয়ে আনন্দ দেখে তার যদি মন খারাপ হয়!