০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জাকসু ভোট: ক্যাম্পাসে প্রচারের ব্যস্ততা, প্রার্থিতা বাতিলে ক্ষোভ

শনিবার ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ২৪

মাহিদুল ইসলাম মাহি, আরিফুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচন সামনে রেখে বিভিন্ন অনুষদসহ হলে হলে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজ প্যানেল এবং স্বতন্ত্ররা কর্মীদের নিয়ে হলে হলে ঘুরে বেড়াচ্ছেন, শিক্ষার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

প্রার্থীদের সমর্থনে ক্যাম্পাসে মিছিল, প্রচারপত্র বিতরণ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। হলের ডাইনিং, রিডিং রুম, মুরাদ চত্বর, বটতলা, পরিবহন চত্বরসহ আড্ডাস্থলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তারা। শিক্ষার্থীদের নানা সমস্যা ও দাবি তুলে ধরে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

নির্বাচনে প্রার্থীদের নানা প্রতিশ্রুতির মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা, বাস ও পরিবহন সমস্যার সমাধান, একাডেমিক স্বচ্ছতা, হলের আবাসন সংকট নিরসন, সাইবার বুলিং মোকাবিলা, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে।

বিশেষত সাইবার বুলিং (অনলাইনে হেনস্তা), স্লাট-শেমিং (চরিত্রহনন) নিয়ে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন অনেক প্রার্থী।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু।

তিনি জানান, জাকসু নিয়ে অনেক আশাবাদী হলেও তিনি ক্যাম্পাসের নিরাপত্তাসহ কিছু বিষয়ে উদ্বিগ্নও। বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা দিয়েছিল, তফসিল ঘোষণা হলে পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ডেকে দেবেন। কিন্তু ক্যাম্পাসে অনেকের প্রবেশ বেড়েছে, বাইরের অনেকে প্রচারে অংশ নিচ্ছেন। তবে এসব সমস্যার সমাধান হবে বলেও আশা করেন তিনি। 

অমর্ত্যর প্রার্থিতা বাতিলে ক্ষোভ 

জাকসু নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার জাকসুর নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অমর্ত্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, রেজি নং-৪৬৯৮৪, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। 

এ ব্যাপারে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম নির্বাচনের আগে প্রার্থিতা বাতিলকে ‘অতি গর্দভের মত কাজ বা কারো স্বার্থ হাসিল করতে চালাকি’ বলে মনে করেন। 

তিনি বলেন, “২৯ তারিখ তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করল আর নির্বাচনের তিন-চার দিন আগে এসে তার প্রার্থিতা বাতিল করল! নির্বাচন কমিশন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কমিশন আমাদের কোনো সভা করতে দেয় না, ডিবেট করতে দিচ্ছে না। ৩৩ বছর পর জাকসু হচ্ছে, তার আমেজ কমে যাচ্ছে।” 

ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, “আমরা বারবার বলেছি, এই জাকসু নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এখানে ফ্যাসিস্টের পুনর্বাসন হয়েছে। এখন, নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে এসে প্রমাণ হল আমাদের আশঙ্কাই সত্যি। ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

“এখানে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, ফ্যাসিস্ট প্রশাসনের দেওয়া বহিষ্কারাদেশকে ভিত্তি করে প্রার্থিতা বাতিল করা মানে প্রশাসনের সেই সিদ্ধান্তকে বৈধতা দেওয়া। দ্বিতীয়ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শেষ মুহূর্তে প্রার্থিতা বাতিল করা মানে এই নির্বাচন কমিশন নিজেই নির্বাচনের প্রতি আস্থাহীনতা তৈরি করছে।”

তিনি বলেন, “আমাদের দাবি একটাই, জাকসু হোক মুক্ত, গণতান্ত্রিক ও সবার অংশগ্রহণের প্ল্যাটফর্ম। অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, “অনেকগুলো ধাপের শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। অথচ নির্বাচনের দুই দিন আগে প্রার্থিতা বাতিল করা হল। আগে কেন হল না? আমরা আশঙ্কা করছি, এমন ভুলে জাকসু বানচালে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কি-না। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ যদি না হয়, জাকসু যদি বানচাল হয়, তাহলে আমাদের সবাইকে বিষয়টি রুখে দিতে হবে।”

শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী মো. মাজহারুল ইসলাম বলেন, “যৌক্তিক  কারণ থাকলে ২৯ তারিখের আগে না করে নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা বাতিল কেন? প্রশাসনকে এটার সমাধান করা উচিত। কেননা আমরা চাই না জাকসু নির্বাচন ব্যাহত হোক।” 

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী বলেন, “জাকসু নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে। আজও নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের কর্মশালা হচ্ছে। 

ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল বিষয়ে তিনি বলেন, “এটা নির্বাচন কমিশন করেনি। এটা পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়, শিক্ষা শাখা দেখার কথা, সেখান থেকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নির্বাচন কমিশন বাস্তবায়ন করেছে।”