নগরবাসীর তথ্যের অপেক্ষায় ‘বসে’ ঢাকা দক্ষিণ: তাপস
“আমরা আশায় বসে আছি, আমাদেরকে আপনারা তথ্য দেবেন। তথ্য পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন।”
ডেঙ্গু এবার ভয়াবহ রূপ নিতে পারে জানিয়ে সতর্ক করে নগরবাসীর তথ্যের অভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘বসে থাকার’ কথা জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার বিকালে নগরভবনের শীতলক্ষ্যা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত 'ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা, স্মার্ট মামলা ব্যবস্থাপনা এবং সম্পত্তি ভাণ্ডার ব্যবস্থাপনা'র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, “আমরা এখন সবচেয়ে বেশি তথ্যের দাবিদার। আমরা আশায় বসে আছি, আমাদেরকে আপনারা তথ্য দেবেন। তথ্য পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন। আপনারা তথ্য না দিলে আমাদের পক্ষে নিধন করা সম্ভব না।”
গত কয়েক বছরের মত এবারও ডেঙ্গু ভয়াবহ আকার নিয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে দক্ষিণের আওতাভুক্ত এলাকা থেকেই রোগী বেশি যাচ্ছে হাসপাতালে।
ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা খুঁজে বের করতে উত্তরের তুলনায় দক্ষিণ সিটির দৃশ্যমান তৎপরতাও কম। এর মধ্যে এমন মন্তব্য করলেন মেয়র।
তিনি বলেন, “আমি বলেছি, আমাদেরকে যত তথ্য দেবেন আমরা ততটা অ্যাকটিভ হতে পারব। শহরের অজস্র জায়গায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এর বাইরে নিজের আঙ্গিনা, নিজের স্থাপনা নিজেকে পরিষ্কার রাখতে হবে।”
সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে মেয়র বলেন, “ডেঙ্গু বিষয়ে আমরা সর্বাত্মক কার্যক্রম নিয়ে চলেছি। আগামী বৃহস্পতিবার ১৩ জুন থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ আমরা চালু করব।”
এ বছর বর্ষা শুরুর আগেই মারাত্মক রূপ নিয়েছে ডেঙ্গু। বছরের সাত মাস না যেতেই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের।
ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে জানিয়ে মেয়র তাপস বলেন, “এটা বিশেষজ্ঞরাও বলছেন এবং আমরা মাঠ পর্যায়ে যে পরিস্থিতি দেখছি তাতে আমাদেরও সেই অভিজ্ঞতা।
“গত ১০-১২ বছরের তথ্য যাচাই-বাছাই করে দেখেছি আমরা শ্রাবণ ও ভাদ্র মাসে এটা আরো বেশি বৃদ্ধি পায়। জলবায়ু, আবহাওয়া, আমাদের ভৌগোলিক অবস্থান সবকিছু মিলে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত এবং আশ্বিন মাস পর্যন্তও গিয়েছে।”
