Published : 18 Aug 2026, 11:18 PM
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান নিশ্চিত করতে ৬৯ কর্মকর্তাকে পরিদর্শনকারী হিসেবে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এই পরিদর্শকদের প্রতিমাসে কমপক্ষে একবার সংশ্লিষ্ট হাসপাতাল পরিদর্শনসহ ৭টি কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত রোববার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। সেখানে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল ও অন্যান্য সরকারি হাসপাতাল পরিদর্শনের জন্য কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম সই করা আদেশে পরিদর্শনকারীদের যে সাত কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে, সেগুলো হল-
১. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার আওতাধীন নির্ধারিত জেলা/উপজেলা/হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে প্রতিষ্ঠান/হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পরিদর্শনকারী কর্মকর্তার সংশ্লিষ্ট অনুবিভাগ/অধিশাখা/শাখায় কর্মরত/দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা মনিটরিং কার্যক্রমে সাচিবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট পরিদর্শনকারী কর্মকর্তার সফরসঙ্গী হবেন।
২. আওতাধীন হাসপাতালগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করে উপস্থিতি সংক্রান্ত প্রতিবেদন দেবেন।
৩. জেলা প্রশাসক, সিভিল সার্জন, ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে ভূমিকা পালন করবেন।
৪. মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।
৫. স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎসাহিত ও প্রয়োজনীয় সহায়তা দেবেন।
৬. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত জেলা/উপজেলা/হাসপাতাল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে পাঠাবেন এবং বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
৭. চলতি মাসে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আবশ্যিকভাবে কমপক্ষে একবার পরিদর্শন সম্পন্ন করতে হবে এবং প্রতিমাসে কমপক্ষে একবার পরিদর্শন করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত ৬৯ কর্মকর্তার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
তালিকা দেখুন….