২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাকার হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আরও দেড় হাজার শয্যা

পর্যাপ্ত শয্যা না থাকায় ঢাকার হাসপাতালগুলো এখন রোগী সামলাতে হিমশিম খাচ্ছে।

ঢাকার হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আরও দেড় হাজার শয্যা

ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন এক সেবিকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 02:12 PM

Updated : 29 Jul 2023, 02:12 PM

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকার সরকারি হাসপাতালগুলোতে এই রোগে আক্রান্তদের জন্য আরও দেড় হাজার শয্যা প্রস্তুত করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশের সরকারি হাসপাতালে আরও ৫ হাজার শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। যেখানে শয্যা দেওয়া সম্ভব সেখানেই প্রস্তুত করা হচ্ছে।

“শুধু মেডিকেল কলেজগুলোতে না। যেখানে যেখানে বেড দেওয়া সম্ভব অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউট.. যেখানে জায়গা আছে, আমরা বলে দিয়েছি বেড রেডি করার জন্য, কিছু বেড বাড়ানোর জন্য।”

“প্রায় ১৪শ বেড নতুন করে বাড়াইতে বলেছি। এখন যা বেড আছে সেটার সঙ্গে যোগ হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেও বেড রাখা হয়েছে। মোট ৫ হাজার বেড রাখতে বলেছি,” বলেন তিনি।

দেশে এ বছর বর্ষা শুরুর আগে থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২০৫ জনে। এরমধ্যে এর মধ্যে জুলাই মাসের ২৮ দিনে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ২২৭ জন। বাংলাদেশে বছরের প্রথম সাত মাসে এত রোগী আর কখনোই ভর্তি হয়নি।

শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে যত রোগী ভর্তি হয়েছে তার মধ্যে ঢাকায় ৯০৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৬ জন রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮০৬ জন।

পর্যাপ্ত শয্যা না থাকায় ঢাকার মুগদা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রোগী সামলাতে হিমশিম খাচ্ছে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২৯ জনের।