Published : 31 Aug 2026, 09:17 PM
হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নতমানের খাবারের পাশাপাশি তাদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের আরও মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কথা বলে তিনি স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান আরও উন্নত করতেও সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷
হাসপাতালগুলোর পরিস্থিতি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “ফ্যাসিস্ট সরকার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে। জনবল নেই, টেকনিশিয়ান নেই, তারপরও কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে ফেলে রাখা হয়েছে৷ এখন এসব যন্ত্রপাতি ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই।”
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, “যারা মাদকের সঙ্গে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে৷ কেউ জামিনে বের হয়ে আবার মাদক কর্মকাণ্ডে জড়ালে প্রয়োজন অনুযায়ী তাকে পূনরায় গ্রেপ্তার করতে হবে৷”
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।