Published : 11 Jun 2026, 05:56 PM
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণ গেল ৬৪২ জনের।
এই সময়ে আরো ১৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৫০ জন মারা গেছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩২ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জন হাম আক্রান্ত হয়েছে, এই সময়ে ১ হাজার ১১০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে ১ হাজার ৫৭ জন হাসপাতালে ভর্তি হয়।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ৪২৬ জন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৫ জন ভর্তি হয় রংপুরে।
এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮৩ হাজার ১৩৯ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন।