১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরশীল না হতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 08:20 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সোমবার সকালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনারে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে।

“বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তা ছাড়া সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনায় শুধু সরকারি নয় বেসরকারি হাসপাতালগুলোকেও এর আওতায় নিয়ে আসতে হবে।”

সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন সিঙ্গাপুরের সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী গ্রুপ সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো নাসির উদ্দীন সভাপতিত্ব করেন।