১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গত এক দিনে নতুন করে ১২৯ জন হামে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 06:36 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত ১৯০ জনের প্রাণ গেল হামের উপসর্গে; আর নিশ্চিত হামে মারা গেছেন ৩৮ জন।

বিভাগের হিসাবে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৮৮ জন ঢাকায় মারা গেছেন; আর ৬৬ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক দিনে নতুন করে ১২৯ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে ১ হাজার ১২৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৯১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪০৬ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম নয়জন ভর্তি হয়েছেন রংপুরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২৭ হাজার ১৬৪ জন। তাদের মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২০ এপ্রিল থেকে সারা দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে এ পর্যন্ত ৪১ লাখ ৪২ হাজার ২৩৭ শিশু টিকা পেয়েছে। দেশের ১২ সিটি করপোরেশনে ৮ লাখ ৩৭ হাজার ১৩৭ জন শিশু টিকা পেয়েছে।