Published : 24 Aug 2026, 05:43 PM
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।
সরকারি হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৩৯ জনের মৃত্যু হল। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে এক লাখ ৩১ হাজার ৬৬৪ জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৪৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই সময়ে নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে।
তবে যাদের মধ্যে উপসর্গ দেখা যায় তাদের মধ্যে একটি ছোট অংশের ক্ষেত্রে নমুনা পরীক্ষা হয়। ফলে এই সংখ্যা দিয়ে সংক্রমণের প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪১ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।