১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকেশ্বরী মন্দিরের ক্লিনিক ফের চালু হলে চিকিৎসকের ব্যবস্থা করবেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশে যখন ঈদ হয়, তখন আমরা হিন্দুরা হসপিটালে, বিভিন্ন জায়গায় কাজ করি এবং যখন পূজা হয়, মুসলমান ভাইরা কাজ করেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:23 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

বন্ধ হয়ে যাওয়া ঢাকেশ্বরী মন্দিরের বিনামূল্যের ক্লিনিকটি ফের চালু করা হলে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশআস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, “এখানে একটা জিনিস দেখে আমি আশ্চর্য হলাম, একসময় এখানে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল। সেটা কিন্তু এখন হচ্ছে না৷ আমার মনে হয় এটা চালু করা উচিত। 

“আপনারা যদি এখানে গরীব রোগীদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন, আমি স্পেশালিস্ট ডাক্তার পাঠানোর ব্যবস্থা করব।”

সামন্ত লাল সেন বলেন, “আজকে আপনারা অনেকেই অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন আপনাদের একাত্মতা ঘোষণা করার জন্য। কিছুদিন আগে আমার কাছে প্ল্যানিং মিনিস্ট্রির সিনিয়র সচিব সত্যজিত বাবু (সত্যজিত কর্মকার) আসছিলেন। আমাকে বললেন, স্যার আমি ঢাকেশ্বরী মন্দিরের জন্য কিছু করতে চাই।

“আপনাদের বোধ হয় কোনো একটা বিষয় আছে প্ল্যানিং মিনিস্ট্রিতে এবং উনি বললেন, ‘স্যার আমি এটা কেবিনেটে নিয়ে যাব, আপনি আমাকে সাপোর্ট করবেন৷ তাহলে উনাদের জিনিসটা উনারা পেয়ে যাবেন’। আমিও আপনাদের এই জিনিসটায় সাপোর্ট করব। আপনাদের যে কাজটা প্ল্যানিং মিনিস্ট্রিতে আটকে আছে, আমি সেটার জন্য কাজ করব।”

তবে জিনিসটি কী, সেটি মন্ত্রী তার বক্তব্যে খোলাসা করেননি। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশে যখন ঈদ হয়, তখন আমরা হিন্দুরা হসপিটালে, বিভিন্ন জায়গায় কাজ করি এবং যখন পূজা হয়, মুসলমান ভাইরা কাজ করেন। এরকম সম্প্রীতির দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও আছে বলে আমার জানা নাই।”

সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর উপস্থিত ছিলেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মনীন্দ্র কুমার নাথ সম্মেলনে সভাপতিত্ব করেন৷