১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৭২ জন

এ নিয়ে চলতি বছর ৫৬৪ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু, ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৬৬ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 06:29 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।

এ নিয়ে চলতি বছর ৫৬৪ জনের প্রাণ কাড়ল এইডিস মশাবাহিত এই রোগ; আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭০ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহে চার জন, চট্টগ্রামে ১৭ জন, খুলনায় পাঁচজন, রাজশাহীতে ১০ জন, রংপুরে একজন এবং বরিশাল বিভাগে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন।

আর মারা যাওয়া একজন বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৬২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫৮ জন; আর ৬০৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ২৫৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১০৭ জন।

ডিসেম্বরের প্রথম ২২ দিনে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ৮৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৭৬ জনের।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।