১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

চলতি মাসে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৪ জন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মোট ৬৫ জনের মৃত্যু হল। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ঢাকা মেডিকেলে মারা গেছে সৈয়দপুরের ১১ বছর বয়সী এক কিশোর। মুগদা হাসপাতালে মারা গেছে ৫০ বছর বয়সী খিলগাঁওয়ের এক বাসিন্দা। এছাড়া পপুলার মেডিকেলে মারা গেছে যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একজন।

জুলাই মাসের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন, যা চলতি বছরে সবচেয়ে বেশি। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জুলাই মাসে সবচেয়ে বেশি, ৭৭৩০ জন। জুন মাসে ৫৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১২৭ জন।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২১ জন, ঢাকা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৩৩ জন এবং রাজশাহী বিভাগে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৩২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৫২ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।