০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতায় ধর্মীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ

সম্মেলনে ‘ঢাকা ডিকলারেশন অন ফেইথ বেইজ ডায়াবেটিস প্রিভেনশন’ উন্মোচন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 10:19 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতাদের সচেতনতা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিভিন্ন দেশে ডায়াবেটিস প্রতিরোধসহ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টার-কন্টিনেন্টালে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নেতা ও প্রতিনিধিদের উপস্থিতিতে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস), ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশন (ডব্লিউডিএফ), ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ)-সহ বিভিন্ন সংগঠন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। 

‘ধর্মভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে ‘ঢাকা ডিকলারেশন অন ফেইথ বেইজ ডায়াবেটিস প্রিভেনশন’ উন্মোচন করা হয়। এই ঘোষণার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যবিষয়ক উদ্যোগের পাশাপাশি সচেতনতা কার্যক্রমে ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা এবং স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে বাডাস সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ‘‘ডায়াবেটিসের মত অসংক্রামক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসা ব্যবস্থা জোরদার করাই যথেষ্ট নয়। মানুষের দৈনন্দিন জীবনযাপন, খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা এবং সচেতনতার সঙ্গে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে যুক্ত করাও প্রয়োজন।

“আমরা গবেষণায় দেখেছি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ডায়াবেটিসের বিষয়ে অল্প কথা বলা হলেও সেটি বেশি কার্যকারী হয়। ইতিমধ্যে আমরা ১০০ জন ইমাম এবং নারীদের প্রশিক্ষণ দিয়েছি। যার ফলে কমিউনিটি এলাকায় অনেক মানুষ এই রোগ পরীক্ষা করছে এবং খাদ্যাভাসে পরিবর্তন নিয়ে এসেছে। তাই ধর্মীয় প্রতিষ্ঠানে কথা বলার গুরুত্ব অনেক বেশি এবং কার্যকরী। কারণ ধর্মীয় নিয়মনীতির মধ্যেই সুষ্ঠু জীবনযাপনের বিভিন্ন নির্দেশনা রয়েছে।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএফ প্রেসিডেন্ট পিটার শোয়ার্জ, ডব্লিউডিএফ বোর্ড চেয়ার সোবিয়া আকরাম, ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপের (ডিএএসজি) প্রেসিডেন্ট ডা. আব্দুল বাসিত, ওআইসি-কমস্টেক এর কো-অর্ডিনেটর জেনারেল ড. এম ইকবাল চৌধুরী, বাডাস মহাসচিব মো. সাইফুদ্দিন।