১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদ ইব্রাহিম স্মরণে ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত

বিনামূল্যে চিকিৎসা, ডায়াবেটিস নির্ণয়, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 01:16 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মরণে ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত হয়েছে। 

সোমবার মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার কবরে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ আসর বারডেম মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

ডায়াবেটিস সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে সকালে বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

এদিন সমিতির আরেক প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এ উপলক্ষে ‘বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা’ দেওয়া হয়। 

এছাড়া বারডেম নার্সিং কলেজ ও বারডেম ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সমন্বয়ে বারডেম হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে (ব্লাড ব্যাংক) অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

সেবা দিবস উপলক্ষে বারডেম জেনারেল হাসপাতাল কমপ্লেক্সে ১ সেপ্টেম্বর থেকে ৬ দিনের এবং বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএন এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তির’ বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

সোমবার বেলা সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) স্মরণসভায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে স্মৃতিচারণ করেন বারডেম জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ইউনিটের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও ইউনিট প্রধান অধ্যাপক ডা. মো. আবুল মনসুর।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত আসার কথা থাকলেও আসতে পারেননি। তার পাঠানো লিখিত বক্তব্য পাঠ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন বারডেমের ভারপ্রাপ্ত মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ। 

এর বাইরে অডিটোরিয়ামে ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’ অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন কুইন মেরি বিশ্ববিদ্যালয়- লন্ডন, ইউকের সি. কনসালটেন্ট হেমাটোলজিস্ট অধ্যাপক আমিন ইসলাম। তাকে দুই ভরি ওজনের স্বর্ণনির্মিত লোগো সংবলিত একটি ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।