বাংলাদেশ শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল
“এ নিয়োগ সঠিক প্রক্রিয়া মেনে হয়নি। এ কারণে সেটি আবার বাতিল করা হয়েছে।”
কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকের সঙ্কট থাকায় জরুরি ভিত্তিতে অ্যাডহক ব্যবস্থায় ওই চিকিৎসদের নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বিষয়টি সঠিক প্রক্রিয়া মেনে হয়নি। এ কারণে সেটি আবার বাতিল করা হয়েছে। আমরা আমার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেব, সব প্রক্রিয়া মেনে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।”
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ জুলাই মেডিকেল অফিসার পদে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ প্রক্রিয়া মানা হয়নি বলে বিষয়টি নিয়ে সমালোচনা হয়।
অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
