Published : 21 Jul 2026, 07:02 PM
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে; নমুনা পরীক্ষায় আরো ১৩০ জনের শরীরে এ রোগের সংক্রমণ ধরা পড়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৭০২ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৩ জন। এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৮৭৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে গেছে মোট এক লাখ ১৯ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আর ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।
এই সময়ে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ১৪ হাজার ৭০৮ জনের। তবে হাসপাতালে যাওয়া সবার নমুনা পরীক্ষা করা হয় না বলে এই সংখ্যা দিয়ে রোগের বিস্তৃতি বোঝা যায় না।