Published : 12 Apr 2026, 02:47 PM
প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে শিশুদের সুরক্ষা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে।
স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল রোববার রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রতাপ চন্দ্র বিশ্বাসসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নগরবাসীর সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রচার- চালানো হচ্ছে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, "হঠাৎ করে এ বিষয়টা (হামের প্রাদুর্ভাব) এসেছে এমন নয়। বিগত সরকারের অসাবধানতার কারণে আজকে এই সমস্যা সৃষ্টি হয়েছে।
“ঠিক তেমনিভাবে আমরা সিটি করপোরেশনের দায়িত্বে থেকে অনেক কিছু ফেইস করছি। মাঝখানে তারা (বিগত সরকার) অনেক সময় কাটিয়েছে। সেই সময়ে ঠিক কাজটা যদি করত, তাহলে আজকে নতুন সরকারের উপর এধরনের চাপ পড়তো না।”
তিনি বলেন, "আজকের এই সরকার ক্ষমতায় আসার পরে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলিষ্ঠভাবে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করছেন।
"দেশকে আরো সমস্যায় কীভাবে ফেলা যায়, এর জন্য কিছু শক্তি চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। আগামীতে যে কোনো সমস্যা এলেও আমরা সবাই মোকাবেলা করব।"
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। গত ৫ তারিখ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় কর্মসূচি শুরু হলেও আজ থেকে ঢাকা দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল) একযোগে এই কার্যক্রম শুরু হলো।”
উদ্ভূত পরিস্থিতিতে মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে আইসিইউ ইউনিট চালু করার কথা জানিয়ে তিনি এ কাজে সহযোগিতার জন্য ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, "হামের প্রকোপ বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। বর্তমান সরকার এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণমাধ্যমকে অনুরোধ করবো তারা যেন সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন, বিশেষ করে শ্রমজীবী অভিভাবকদের কাছে টিকার গুরুত্ব পৌঁছে দেন।”
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন যেখানে প্রতিটি শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত হবে।”