১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্তন ক্যান্সার সচেতনতায় হলি ক্রস কলেজে স্ক্রিনিং কর্মসূচি

কলেজের দ্বাদশ শ্রেণির প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পরপর দুটি অধিবেশন হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 07:16 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি করতে ঢাকার হলি ক্রস কলেজে হয়ে গেল বিশেষ স্ক্রিনিং কর্মসূচি।

রোববার সকাল ৯টায় কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং গণস্বাস্থ্য কমিউনিটি বেজড ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য কমিউনিটি বেজড ক্যান্সার হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের দ্বাদশ শ্রেণির প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পরপর দুটি অধিবেশন হয়।

হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন সেখানে মূল বক্তব্য দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুবও আলোচনায় অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. সাদিয়া হাবিব অর্পি নিবন্ধিত নারীদের নিজে নিজের স্তন পরীক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ দেন। গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতালের চারজন নারী চিকিৎসক এবং তিনজন নার্স ও প্যারামেডিক ২৪০ জনের স্ক্রিনিং করেন।

স্ক্রিনিংয়ের জন্য ৫০০ জনের বেশি অভিভাবক ও শিক্ষিকা নিবন্ধন করেন। তাদের মধ্যে যারা এখনও স্ক্রিনিং করাননি, আগামী শনিবার তাদের স্ক্রিনিং সম্পন্ন করার কথা রয়েছে।

সচেতনতামূলক অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন স্বাগত বক্তব্য দেন। কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ ধন্যবাদ জ্ঞাপন করেন।