Published : 06 Oct 2025, 07:07 PM
‘অন্যন্য ও ঐক্যবদ্ধ’ স্লোগানে ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপিতে পালিত হলো বিশ্ব সেরিব্রাল পালসি দিবস।
সোমবার সিআরপির শিশু বিভাগ এবং উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বলা হয়, বিশ্বে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ সেরিব্রাল পালসি আক্রান্ত। বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ ৫০ হাজার।
আলোচনা অনুষ্ঠানে আইসিডিডিআর,বির এমেরিটাস বিজ্ঞানী ডা. জেনা হামাদানি বলেন, মা-বাবা যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন থেকেই তিনি সন্তানের লালন-পালনের বিষয়টি নিয়ে ভাবতে থাকেন। সন্তান ভূমিষ্ট হওয়ার পর সন্তান প্রতিবন্ধী হলে মা-বাবা হতাশ হন।
“অনেকে মনে করেন, এটি সৃষ্টিকর্তার দেওয়া এক ধরনের শাস্তি। কিন্তু এটা ঠিক নয়। প্রতিটি মানুষের মধ্যে আলাদা কিছু গুণ, মেধা থাকে। সবাই এক নয়। প্রতিবন্ধী শিশুরাও কিন্তু কোনো না কোনোভাবে মেধাবী। তাদের সক্ষমতা আছে, ক্ষমতা আছে; তবে আমাদের মতো নয়— একটু ভিন্নভাবে।”
হামাদানি বলেন, “আমাদের সবার মাঝেই কমবেশি ডিসঅ্যাবিলিটি আছে। তাদেরকে সমান চোখে দেখতে হবে। তাদের সমাজের মূল অংশের সঙ্গে মানিয়ে চলার জন্য প্রয়োজনীয় পুনর্বাসন নিশ্চিত করতে হবে।”
সভায় সিআরপি শিশু বিভাগের প্রধান হোসনে আরা পারভীন, সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ ইউসুফ, উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের অধ্যক্ষ মু আব্দুল্লাহ আল জুবায়ের বক্তব্য দেন।