Published : 21 May 2026, 03:32 PM
অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাত সংস্কারে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের প্রতিনিধি দল নিজেদের সুপারিশ বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে ডা. এ কে আজাদ খান নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাক্ষাৎ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৈঠকে সাবেক কমিশনের সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালীকরণ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির অনুরোধ জানান।
প্রতিনিধি দলের তরফে বলা হয়, একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারলে রোগের চাপ, চিকিৎসা ব্যয় এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের বিভিন্ন সুপারিশের সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক ইশতেহারেরও ‘উল্লেখযোগ্য’ মিল রয়েছে জানিয়ে প্রতিনিধি দল বলেছেন, স্বাস্থ্যখাত সংস্কার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, জবাবদিহিতা, চিকিৎসকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নের বিষয়ে মিল রয়েছে।
দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত থাকার কথা সাবেক স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্যরা।
এসময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সরকার পর্যায়ক্রমে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সাবেক স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম।