Published : 16 Jun 2026, 02:56 PM
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ১৩৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরো ৫৬৪ জন।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ জন মারা গেছে ঢাকায়; আর রাজশাহী বিভাগের ৮৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৬ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
গত এক দিনে হামের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৪২ জন রোগী এসেছে। আর সবচেয়ে কম ২৮ জন ভর্তি হয়েছেন রংপুরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ৯২৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। আর পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫২৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।