১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাম: আরও ৭ শিশুর মৃত্যু

এক দিনে নতুন করে ১৭২ জন হামে আক্রান্ত হয়েছেন; হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ২১৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 06:53 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ও লক্ষণ নিয়ে আরও সাত শিশুর প্রাণ গেছে।

এদের মধ্যে নিশ্চিত হামে তিনজন আর হামের উপসর্গ থাকা চার শিশু মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেল ৪২ জন। আর সন্দেহজনক হাম বা এ রোগের লক্ষণ নিয়ে ১৯৮ জনের মৃত্যু হল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৯৪ জন ঢাকায় মারা গেছেন; আর ৬৬ জন মারা গেছেন রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে ১ হাজার ২১৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৩৬৩ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম তিনজন ভর্তি হয়েছেন রংপুরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন, তাদের মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে গত ২০ এপ্রিল থেকে দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। যার মাধ্যমে দেশের ৮ বিভাগে এ পর্যন্ত ৬২ লাখ ৬৮ হাজার ৪২৮ জন শিশু টিকা পেয়েছে।

এ ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশনে ১০ লাখ ৭২ হাজার ৮৯০ জন শিশু টিকা পেয়েছে।