হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু
জুলাইয়ের তিন দিনে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে আগের দিনও পাঁচজনের মৃত্যুর তথ্য এসেছিল।
তারও আগের দিন বুধবার মৃত্যু হয় একজনের। সেই হিসাবে জুলাইয়ের তিন দিনে হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হলো।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩৬ জন।
উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৭৩ জন ঢাকায় মারা গেছেন; এরপর রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮৩, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যুর তথ্য এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে; এই সময়ে ৯৬৮ জন লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এরমধ্যে ৮৫১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩০১ জন, রাজশাহীর ৩৯, সিলেটের ৮৭, চট্টগ্রামের ১৮১, বরিশালের ১৩৭, ময়মনসিংহের ৪০, খুলনার ৪৫ ও রংপুরের রয়েছেন ২১ জন।
অদ্যবদি দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৮৭ হাজার ২৬২ জন। যার মধ্যে ৮৩ হাজার ৫৪৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩ হাজার ৯৬১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪৩৫ জন।
