Published : 04 Jul 2026, 06:03 PM
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে; এই সময়ে আরো ১০১ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের লক্ষণ নিয়ে ৬৩৮ জন মারা গেছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮৪ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪০ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৮ জন এবং রংপুরে ৯ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৭৩২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৭০৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগে ২৫৬ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ৩৬, চট্টগ্রামে ১৭৯, বরিশালে ১০১, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৪৯, রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ৪ হাজার ৬৯৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় তাদের মধ্যে ১২ হাজার ৫২৬ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭ হাজার ৯৬৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।