Published : 13 Jul 2025, 07:52 PM
কোভিডে আক্রান্ত হয়ে দেশে আরেকজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছর কোভিডে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যুর খবর এল।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোববার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। কোনো নমুনায় করোনাভাইরাস মেলেনি।
কোভিডে মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে শনিবার পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। কোভিড শনাক্ত হয় ২০ লাখ ৫২ হাজার ২২০টি নমুনায়। মৃত্যু হয় ২৯ হাজার ৫২৬ জনের।
মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে। এরপর ২০২২ সালে ১৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যান।
ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলেছে।