ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুমন ও মাহমুদা
আগামী ২৬ অক্টোবর ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’ পুরস্কার দেওয়া হবে।
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর পরিচালনায় মেজবাউর রহমান সুমন এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী পাচ্ছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার।
চ্যানেল আই রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমার' সম্পাদক এবং দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট' এর পরিচালক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’ পুরস্কার দেওয়া হবে।
ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার চালু করেন। পুরস্কার হিসেবে অর্থমূল্য, সম্মাননা পত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
ইতিমধ্যে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন- সাইদুল আনাম টুটুল এবং ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক (২০০৯), মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী (২০১০), ই আর খান ও অনুপম হায়াৎ (২০১১), নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার (২০১২), রাজ্জাক ও রেজানুর রহমান (২০১৩)।
এছাড়া ২০১৪ সালে এই পুরস্কার পেয়েছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী ও আরেফিন বাদল, মাসুদ পারভেজ ও শহীদুল হক খান (২০১৫), আজিজুর রহমান ও মোস্তফা জব্বার (২০১৬), আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া (২০১৭), মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী (২০১৮), কোহিনূর আখতার সুচন্দা ও রাফি হোসেন (২০১৯), আলমগীর ও দীপেন (২০২০) এবং কাজী হায়াত ও মাজহারুল ইসলাম (২০২১), দেলোয়ার জাহান ঝন্টু এবং আবদুল্লাহ জেয়াদ (২০২২), ছটকু আহমেদ এবং ইমরুল শাহেদ (২০২৩), গিয়াস উদ্দিন সেলিম এবং আলাউদ্দীন মাজিদ (২০২৪)।
গেল বছর এই পুরস্কার পেয়েছেন নির্মাতা রায়হান রাফী ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান।
মেজবাউর রহমান সুমন তার প্রথম সিনেমা ‘হাওয়া’ দিয়ে বেশ আলোচনায় আসেন। চলতি বছরে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’, এই সিনেমাটিও বেশ প্রশংসিত হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ অস্কার কমিটি থেকে আসন্ন ৯৯তম অস্কারে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ‘রইদ’ সিনেমাটি মনোনীত করেছে।
এদিকে ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে পথচলা শুরু করেন মাহমুদা চৌধুরী। এরপর বিচিত্রায় প্রায় দেড় দশক কাজ করার পর যোগ দেন দৈনিক দিনকালে। সাংবাদিকতার পাশাপাশি দুইটি বইও লিখেছেন মাহমুদা চৌধুরী। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত প্রকাশিত বইগুলো হল- গবেষণাগ্রন্থ ‘জহির রায়হানের চলচ্চিত্র : সমাজ ভাবনা’, ও ‘নারী : অর্ধেক পৃথিবী’।
